ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি দলের রাঘব বোয়ালরা জড়িত থাকায় পুঁজিবাজারে অস্থিরতার তদন্ত প্রতিবেদন প্রকাশ হচ্ছে না বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহার শনিবার বলেন, এ সরকারের আমলে শেয়ারবাজারে মারাত্মক কেলেঙ্কারি হয়েছে।
"গঠিত তদন্ত কমিটি একটি প্রতিবেদন জমা দিলেও সরকারি দলের রাঘব বোয়ালরা জড়িত থাকার কারণেই সরকার সে তদন্ত প্রতিবেদন প্রকাশ করছে না।"
রাজধানীর পল্টনে জামায়াতের ঢাকা মহানগরীর কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
গত ডিসেম্বর ও জানুয়ারিতে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অস্থিরতার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি করে সরকার। কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদকে চেয়ারম্যান করে ২৫ জানুয়ারি চার সদস্যের কমিটি করা হয়। কমিটিকে সময় দেওয়া হয় দুই মাস।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী মুহিতকে তদন্ত প্রতিবেদন দেয় কমিটি।
সেদিন অর্থমন্ত্রী মুহিত জানান, পুুঁজিবাজারের অস্থিরতার পেছনে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করেছে এ সংক্রান্ত তদন্ত কমিটি। তবে এসব নাম এই মুহূর্তে প্রকাশ করা হবে না।
"স্বল্প সময়ে তদন্ত করতে গিয়ে কমিটি এসব ব্যক্তির বিষয়ে বিস্তারিত খোঁজ নিতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ কারণে এই মুহূর্তে নাম প্রকাশ না করে তাদের বিষয়ে আরো তদন্তের সুপারিশ করেছে কমিটি।"
দলের আমির মতিউর রহমান নিজামীসহ জামায়াত-শিবিরের গ্রেপ্তার সব নেতার দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করেন আজহারুল।
"নইলে জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে নেতাদের মুক্ত করা হবে।
সভায় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, ঢাকা মহানগরীর সেক্রেটারী এ এইচ এম হামিদুর রহমান আযাদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২১৪৯ ঘ.
bdnews24