ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অস্থিরতায় জড়িতদের নাম প্রকাশ করবেন না বলে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্যে 'হতবাক' ক্ষমতাসীন জোটের শরিক জাতীয় পার্টির প্রধান এইচএম এরশাদ।
শনিবার এরশাদ বলেন, অর্থমন্ত্রীর এই বক্তব্যে আমি হতবাক হয়েছি।
"যারা জনগণের অর্থ লুট করেছেন, শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িত থেকে লাখো লাখো ক্ষুদ্র বিনিয়োগকারীর সর্বনাশ করে পথের ভিক্ষুকে পরিণত করেছেন কেন সরকারিভাবে তাদের নাম প্রকাশ করা হবে না তা আমার কাছে বোধগম্য নয়।"
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, পুঁজিবাজারের অস্থিরতার পেছনে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করেছে এ সংক্রান্ত তদন্ত কমিটি। তবে এসব নাম এই মুহূর্তে প্রকাশ করা হবে না।
"স্বল্প সময়ে তদন্ত করতে গিয়ে কমিটি এসব ব্যক্তির বিষয়ে বিস্তারিত খোঁজ নিতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ কারণে এই মুহূর্তে নাম প্রকাশ না করে তাদের বিষয়ে আরো তদন্তের সুপারিশ করেছে কমিটি।"
এ বক্তব্যে এরশাদের প্রতিক্রিয়া দলটির প্রেস সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়।
গত ডিসেম্বর ও জানুয়ারিতে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অস্থিরতার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি করে সরকার। কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদকে চেয়ারম্যান করে ২৫ জানুয়ারি চার সদস্যের কমিটি করা হয়। কমিটিকে সময় দেওয়া হয় দুই মাস। বৃহস্পতিবার অর্থমন্ত্রী মুহিতকে তদন্ত প্রতিবেদন দেয় কমিটি।
শনিবারের বিজ্ঞপ্তিতে এরশাদ 'শেয়ার কেলেঙ্কারিতে' জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
"শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িত কোনো প্রভাবশালীকে ছাড় দিলে সরকারই ক্ষতিগ্রস্ত হবে।"
প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 'শেয়ার কেলেঙ্কারিতে' জড়িতদের আইনের আওতায় এনে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান এরশাদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনে কেলেঙ্কারিতে জড়িতদের ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করে অবৈধভাবে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করে মূলধন হারানো ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/১৭৫২ ঘ.
bdnews24