২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লী বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব

পল্লী বিদ্যুতের দাম গড়ে ১২ দশমিক ৯৭ শতাংশ বাড়ানোর জন্য বিইআরসিকে প্রস্তাব দিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্লী বিদ্যুতের দাম গড়ে ১২ দশমিক ৯৭ শতাংশ বাড়ানোর জন্য বিইআরসিকে প্রস্তাব দিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) এক উম্মুক্ত সভায় এ প্রস্তাব দেওয়া হয়। আরইবির চেয়ারম্যান ভূঁইয়া শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, "দীর্ঘদিন গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়ানোয় বোর্ডের আওতাধীন সমিতিগুলোকে লোকসান দিতে হচ্ছে। তাই দাম বাড়ানোর বিকল্প নেই। এটা করা না হলে সমিতিগুলো আরো সংকটে পড়বে।" আরইবির প্রস্তাবের ওপর আগামী ২৪ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্টদের মতামত দিতে বলেছে বিইআরসি। এরপর ২৮ এপ্রিল গণশুনানির পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বলেন, "আরইবির প্রস্তাব গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। সমিতিগুলোর লোকসান কাটাতে সবার মতামতের ভিত্তিতেই দাম নির্ধারণ করা হবে।" আরইবি তাদের প্রস্তাবে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম ২ টাকা ৯৫ পয়সা থেকে ১১ দশমিক ৭৪ শতাংশ বাড়িয়ে ৩ টাকা ৩৯ পয়সা পর্যন্ত করতে বলেছে। একইভাবে ১০১ ইউনিট থেকে ৩০০ ইউনিট পর্যন্ত দাম ৩ টাকা ৩৫ পয়সা থেকে ১৯ দশমিক ২২ শতাংশ বাড়িয়ে ৩ টাকা ৮৫ পয়সা, ৩০১ ইউনিট থেকে ৫০০ ইউনিটের ক্ষেত্রে দাম ৫ টাকা ১৪ পয়সা থেকে ২০ শতাংশ বাড়িয়ে ৫ টাকা ৪৭ পয়সা এবং ৫০০ ইউনিটের বেশি ব্যবহারের ক্ষেত্রে ৬ টাকা ৭৭ পয়সা থেকে ২০ শতাংশ বাড়িয়ে ৮ টাকা ৬ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া বাণিজ্যিক গ্রাহক পর্যায়ে ১০ শতাংশ, দাতব্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০ শতাংশ, সেচে ৯ দশমিক ৯৩ শতাংশ, সাধারণ শিল্পে ১২ শতাংশ, বৃহৎ শিল্পে ১২ শতাংশ এবং রাস্তার বাতির জন্য ২০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে আরইবি। এর বাইরে সব শ্রেণীর গ্রাহকের ন্যূনতম বিল চার্জও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ন্যূনতম বিল ৬৫ টাকার পরিবর্তে ১০৫, সাধারণ শিল্প গ্রাহকদের ক্ষেত্রে ৪৫ টাকার পরিবর্তে ৫০, বৃহৎ শিল্পে ৫৫ টাকার পরিবর্তে ৬০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। সার্ভিস ও ডিমান্ড চার্জও বাড়াতে বলেছে বোর্ড। আরইবি দাবি করেছে, দাম বাড়ানো হলে ৭০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে ৫৫টি আর্থিক সঙ্কট থেকে রেহাই পাবে। গত ৮ ফেব্র"য়ারি গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা দাম 'অন্তবর্তী' সময়ের জন্য গড়ে চার টাকা থেকে পাঁচ শতাংশ বাড়িয়ে চার টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়। ১ ফেব্র"য়ারি থেকে এ দাম কার্যকর হয়েছে। তখন বলা হয়েছিলো- আবাসিক গ্রাহকদের ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারের ক্ষেত্রে, সেচ সংযোগ এবং অনাবাসিক (ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান ) গ্রাহকের জন্য এই বর্ধিত দাম কার্যকর হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/জেকে/২০১০ ঘ.