ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অস্থিরতা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন দাখিলের দিনে চাঙাভাবের মধ্য দিয়ে শুরু হয়েছে লেনদেন।
সপ্তাহের শেষ দিনে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ২৩ মিনিটে সাধারণ সূচক বেড়েছে ৪৯ পয়েন্ট।
বেলা ১১টা ২৩ মিনিটে সূচক ছিলো ৬৫০৩ দশমিক ৪৩, যা দিনের শুরুর চেয়ে ০ দশমিক ৭৬ শতাংশ বেশি।
ওই সময় পর্যন্ত ১১৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে।
লেনদেন হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬টির। ৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
পুঁজিবাজারে অস্থিরতা তদন্তে গঠিত কমিটি সকালেই তাদের প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে দিয়েছে। বিকালে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন মন্ত্রী।
গত বছরের শেষ দিকে টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ, কারসাজির অভিযোগ- সব মিলিয়ে এক মাসেরও বেশি সময় ধরে চলা সঙ্কট থেকে উত্তরণের উপায় খুঁজতে এ কমিটি গঠন করে সরকার।
চার সদস্যের এ কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১৩০ ঘ.
bdnews24