ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) আগের অর্থবছরের একই সময়ে তুলনায় ৪০ দশমিক ৩১ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। এই সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি বেড়েছে ২১ দশমিক ২২ শতাংশ।
বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাসিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
এতে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে এক হাজার ৩৩৭ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি আয় হয়েছে এক হাজার ৬২০ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল এক হাজার ১৫৫ কোটি ডলারের পণ্য।
মাসওয়ারি হিসবে গত মার্চে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৪০ দশমিক ৫৬ শতাংশ। এ সময় ১৬০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি আয় হয়েছে ২১৩ কোটি ডলার।
ইপিবির ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, "তৈরি পোশাক, পাট, হিয়ামিত খাদ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়ায় সার্বিকভাবে প্রবৃদ্ধি বেড়েছে।"
অর্থবছরের প্রথম নয় মাসে নিটওয়্যার খাতে রপ্তানি হয়েছে ৬৬০ কোটি ডলারের পণ্য (প্রবৃদ্ধি ৪৪.৩৬ শতাংশ)। এছাড়া ৫৯৬ কোটি ডলারের উভেন গার্মেন্ট (প্রবৃদ্ধি ৩৭.৭৬ শতাংশ), ৮৩ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য (প্রবৃদ্ধি ৪৬.৪৪ শতাংশ), ৪৭ কোটি ডলারের হিমায়িত খাদ্য (প্রবৃদ্ধি ৫৭.৪৩ শতাংশ) এবং ২১ কোটি ডলারের চামড়া (প্রবৃদ্ধি ৩৭.১৬ শতাংশ) রপ্তানি হয়েছে এই সময়ে।
জালাল আহমেদ বলেন, "আমরা আশা করছি, এপ্রিলের মধ্যে আমরা পুরো অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবো। পরের দুই মাসে যে রপ্তানি হবে তাতে অর্থবছর শেষে আমাদের রপ্তানি আয় দুই হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা যায়।"
চলতি অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক হাজার ৮৫০ কোটি ডলার।
অর্থবছরের প্রথম নয় মাসে কৃষি প্রক্রিয়াজাত পণ্য, শাকসবজি, তামাক, ফুল, ফল, মসলা, শুকনো খাবার, ওষুধ, প্রসাধনী, প্লাস্টিক পণ্য, রাবার, হস্তশিল্প, কাগজ ও কাগজ থেকে তৈরি পণ্যের রপ্তানি বেড়েছে।
পাশাপাশি বেড়েছে সিল্ক, উল ও উলের পণ্য, কটন ও কটন পণ্য, হোম টেক্সটাইল, ক্যাপ, নির্মাণ সামগ্রী, সিরামিক পণ্য, স্টিল, বৈদ্যুতিক পণ্য, ঘড়ি ও ঘড়ির যন্ত্রাংশ, আসবাবপত্র ও কম্পিউটার সামগ্রীর রপ্তানি।
গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম নয় মাসে চা, সিমেন্ট, লবণ, পাথর, পেট্রোলিয়াম উপজাত, রাসায়নিক পণ্য, কাঠ ও কাঠের পণ্য, মণ্ড, টেরি টাওয়েল, কাচ ও কাচের পণ্য এবং বাইসাইকেলের রপ্তানি কমেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২০৪০ ঘ.
bdnews24