ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজিএমইএ ভবন ভাঙার হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ এসেছে।
হাইকোর্টের রায় স্থগিতে বিজিএমইএ'র আবেদনে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।
বিজিএমইএ'র কৌঁসুলি রোকনউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, "আদালত ছয় সপ্তাহ সময় দিয়েছেন। এর মধ্যে রায়ের অনুলিপি নিয়ে আমাদের নিয়মিত আপিলের (লিভ টু আপিল) আবেদন করতে হবে।"
হাইকোর্ট গত রোববার এক রায়ে হাতিরঝিল প্রকল্প এলাকায় গড়ে ওঠা এ ভবনটি অবৈধ বলে তা ভাঙার নির্দেশ দেয়।
নিজস্ব মালিকানা না থাকা, ইমারত তৈরি বিধিমালা ও জলাধার রক্ষা আইন লঙ্ঘন করায় ওই নির্দেশ দেওয়া হয়। আদালত বলে, এ ভবন নিয়ে বহু জালিয়াতি হয়েছে।
তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ভবনটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নকশা অনুযায়ী করা হয়নি বলে রাজউক বলে আসছিলো। পরিবেশবাদী বিভিন্ন সংগঠনও ভবনটি ভাঙার দাবি জানিয়ে আসছিলো।
১৯৯৮ সালে বিজিএমইএ তাদের প্রধান কার্যালয় ভবন নির্মাণের জন্য সোনারগাঁও হোটেলের পাশে বেগুনবাড়ী খালপাড়ের এ জায়গাটি নির্ধারণ করে এবং সরকারের অনুমোদন নিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কাছ থেকে ৫ কোটি ১৭ লাখ টাকায় জমিটি কেনে। ওই বছরের ২৮ নভেম্বর ভবনটি তৈরির কাজ শুরু হয়।
অভিযোগ রয়েছে, এ ভবন নির্মাণের ক্ষেত্রে নগর উন্নয়ন আইন-১৯৫৩ মানা হয়নি। ভবন নির্মাণ আইন-১৯৫২ অনুযায়ীও ভবনটি অবৈধ, কারণ রাজউক ভবনটির নকশা অনুমোদন করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/এমআই/আরএ/১৬২৮ ঘ.
bdnews24