রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সপ্তাহ জুড়ে 'জেড' ক্যাটাগরির শেয়ারের দাম ও লেনদেন বৃদ্ধির প্রবণতা দেখে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এ প্রবণতার রাশ টানতেও বাজায় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের সপ্তাহের তুলনায় সার্বিক লেনদেন ও অপেক্ষাকৃত 'শক্ত মৌলভিত্তি' বা 'এ' ক্যাটাগরির শেয়ার লেনদেন কমলেও বেড়েছে 'দুর্বল মৌলভিত্তির' বা 'জেড' ক্যাটাগরির শেয়ারের দাম।
গত সপ্তাহের দাম বাড়ার শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে অধিকাংশই 'দুর্বল মৌলভিত্তির ও অতিমূল্যায়িত' শেয়ার।
গত সপ্তাহে ডিএসইতে মোট ৪ হাজার ১৬২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিলো ৬ হাজার ১১৫ কোটি ৯৬ লাখ টাকা।
গত সপ্তাহে 'এ' ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৩ হাজার ৯২৬ কোটি ৪২ লাখ টাকার, যা তার আগের সপ্তাহের চেয়ে এক হাজার ৮৬১ কোটি ৫৭ লাখ টাকা কম।
অন্যদিকে দুর্বল মৌলভিত্তির 'জেড' ক্যাটাগরির শেয়ারের লেনদেন তার আগের সপ্তাহের তুলনায় ৭ কোটি ৪১ লাখ টাকা বেড়েছে।
বাজারের এ প্রবণতা দেখে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াওয়ার সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিনিয়োগকারীদের সতর্ক হতে হবে। না হলে বাজারে আবার পতন আসবে।"
বিগত তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবং পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান এবি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনো শেয়ারের প্রত্যাশিত পিই রেশিও ১৫ পর্যন্ত। ২০ পর্যন্ত টলারেবল। কিন্তু এর বেশি হলেই সেটা ঝুঁকিপূর্ণ বা অতিমূল্যায়িত। এসব শেয়ারের ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে।"
গত সপ্তাহের দাম বাড়ার শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- অ্যাপেক্স ফুড, বিডি অটোকারস, রেকিট বেনকাইজার, বঙ্গজ, ফার্মএইডস, জেমিনি সি ফুডস, লিবরা ইনফিউশনস লিমিটেড, ন্যাশনাল পলিমার, চিটাগাং ভেজিটেবল ও জুট স্পিনার্স।
দাম বাড়ার শীর্ষে থাকা এসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম ২৬ দশমিক ৩৪ শতাংশ থেকে ৩৫ দশমিক ৫২ শতাংশ পর্যন্ত বেড়েছে। এদের মধ্যে নয়টি প্রতিষ্ঠানেরই শেয়ার ও আয়ের অনুপাত (পিই রেশিও) ৩৫ এর ওপরে। শুধু জেমিনি সি ফুডের পিই রেশিও ১১ দশমিক ৬৬।
শক্ত মৌলভিত্তির চেয়ে দুর্বল মৌলভিত্তির শেয়ারের দাম বাড়ার প্রবণতা গত সপ্তাহে যে বেশি ছিলো, তা দুটি প্রতিষ্ঠানের মধ্যে তুলনা করলেই তা স্পষ্ট হয়।
৩০ শতাংশ স্টক ডিভিডেন্টের ঘোষণা দেওয়ার পরও গত সপ্তাহে দাম হারানো শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিটি ব্যাংক। ব্যাংকটি গত সপ্তাহের ৫ কার্যদিবসের মধ্যে ৪ কার্যদিবসে ৭ দশমিক ২৭ শতাংশ দাম হারিয়েছে। সিটি ব্যাংকের পিই রেশিও ৬ দশমিক ৪৯।
আর ফিডেলিটি অ্যাসেটস অ্যান্ড সিকিউরিটিজ নামের একটি প্রতিষ্ঠান ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করায় বৃহস্পতিবার একদিনে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ১২ দশমিক ৪০ শতাংশ। প্রতিষ্ঠানটির পিই রেশিও ১২৩ দশমিক ৯১।
বছরের পর বছর লভ্যাংশ না দেওয়া 'জেড' ক্যাটাগরির যে সব শেয়ারের দাম বেড়েছে, তার মধ্যে রয়েছে- দুলামিয়া কটন, শ্যামপুর সুগার মিলস, আজিজ পাইপস, লিগাসি ফুটওয়্যার, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, সমতা লেদার কমপ্লেক্স, রেনউইক যজ্ঞেশ্বর, জিল বাংলা সুপার মিলস, আনোয়ার গ্যালভানাইজিং ইত্যাদি।
প্রতিষ্ঠানগুলোর শেয়ারের মূল্য গত সপ্তাহে ২০ দশমিক ৮৬ শতাংশ থেকে ৩৪ দশমিক ৮৭ শতাংশ পর্যন্ত বেড়েছে।
আর 'অযৌক্তিক' দাম বাড়ার কারণ জানতে চেয়ে গত সপ্তাহে অন্তত ২৫টি প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে ডিএসই। এসব প্রতিষ্ঠানের পিই রেশিও ২৭ দশমিক ৫৯ থেকে ১৭৬ দশমিক ৬৪ পর্যন্ত।
এসব শেয়ারের মধ্যে রয়েছে- গ্লাক্সোস্মিথ, ন্যাশনাল টি কোম্পানি, শ্যামপুর সুপার মিলস, জিলবাংলা, রেনউইক যজ্ঞেশ্বর, ইস্টার্ণ লুব্রিকেন্টস, ইস্টার্ণ হাউজিং, স্ট্যান্ডার্ড সিরামিক, এএমসিএল (প্রাণ), মুন্নু সিরামিক, এইচআর টেক্সটাইল, কোহিনূর কেমিক্যাল, ইমামবাটন।
রহিম টেক্সটাইল, কে এন্ড কিউ, লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাপেক্স ফুড, রেকিট বেনকাইজার, লিগাসি ফুটওয়্যার, মুন্নু জুটেক্স, মুন্নু জুট স্টাফলারস, জুট স্পিনার্স, বিডিঅটোকারস, স্টাইলক্রাফট।
মির্জ্জা আজিজ বলেন, "আমি যখন এসইসির চেয়ারম্যান ছিলাম, তখন জেড ক্যাটাগরি ও অতিমূল্যায়িত ১০ থেকে ১২টি শেয়ার লেনদেন বন্ধ করে দিয়েছিলাম। এসইসি এসব শেয়ার বাছাই করে তাদের ওটিসি মার্কেটে (ওভার দ্য কাউন্টার) পাঠাতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24