ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনীতি এখন আগের যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থায় রয়েছে বলে দাবি করেছেন গভর্নর ড. আতিউর রহমান।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলের একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি বলেন, ব্যাংকগুলোতে উদ্বৃত্ত তারল্য রয়েছে। রপ্তানি ৪০ শতাংশ বেড়েছে। আমদানি খরচ কিছুটা বাড়লেও তা কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির কারণে বেড়ে থাকতে পারে।
"সামগ্রিকভাবে দেশের অর্থনীতি যে কোনো সময়ের চেয়ে ভালো রয়েছে।"
জাতীয় প্রবৃদ্ধির বর্তমান হার ধরে রাখতে পারলে আগামী বছর তা ৭ শতাংশ হবে বলে আশা প্রকাশ করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোবাইল ব্যাংকিং প্রসঙ্গে ড. আতিউর রহমান বলেন, ব্যাংক খাতের এ প্রযুক্তির মাধ্যমে দারিদ্র দূর করা সম্ভব। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের সঞ্চয় প্রবণতা বাড়বে। এর ফলে ব্যবসা বাণিজ্যও বৃদ্ধি পাবে।
এ ব্যবস্থা অধিকতর নিরাপদ, দ্রত নিষ্পত্তিযোগ্য ও প্রতারণারোধক বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, এ নতুন সেবার আওতায় ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহকরা সিটিসেল ও বাংলালিংকের অনুমোদিত এজেন্টদের কাছে গিয়ে ১০ টাকা জমা দিয়ে মোবাইল হিসাব খুলতে পারবেন। পরবর্তীতে তিনি টাকা জমা ও উত্তোলনের সব সুবিধা পাবেন। সরকারি অনুদান ও বেতনও এ হিসাবের মাধ্যমে লেনদেন করা সম্ভব হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/জেকে/১৭৫৬ ঘ.
bdnews24