ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজার পার করেছে সপ্তাহের শেষ দিন। সেই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ১০২ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দিনশেষে দাঁড়ায় ৬ হাজার ৩৫২ দশমিক ১০ পয়েন্ট। এ ছাড়া সার্বিক সূচক বেড়েছে ৮৪ দশমিক ৫০ পয়েন্ট। দিনশেষে দাঁড়ায় ৫ হাজার ২৭৫ দশমিক ১৩ পয়েন্ট।
সকালে পুঁজিবাজারে লেনদেন শুরুর পৌনে এক ঘণ্টার মধ্যেই সূচক ১০০ পয়েন্ট বেড়ে যায়।
এদিন লেনদেন হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২২৬টির কমেছে ২৭টির এবং বাকি সাতটির দাম ছিলো অপরিবর্তিত।
এ ছাড়া মোট লেনদেন হয়েছে এক কোটি ৯৪ লাখ ৪৮০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড যার বাজারমূল্য এক হাজার ৪৮ কোটি ৯৭ লাখ টাকা। বুধবারের তুলনায় এ লেনদেন প্রায় তিনশ' কোটি টাকা বেশি।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেন হওয়া ২০২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৪৮টির দাম বেড়েছে, কমেছে ৪৬টির এবং বাকি ৮টির দাম ছিলো অপরিবর্তিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমআই/১৬১৬ ঘ.
bdnews24