২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা অয়েলের শেয়ার লেনদেন স্থগিত

লভ্যাংশ বণ্টনে অনিয়মের অভিযোগে পাবলিক লিমিটেড কোম্পানি পদ্মা অয়েলের লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লভ্যাংশ বণ্টনে অনিয়মের অভিযোগে পাবলিক লিমিটেড কোম্পানি পদ্মা অয়েলের লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বুধবার ডিএসইর এক সভায় এ সিদ্ধান্ত হয়। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থে লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। গত ২ জানুয়ারি একজন বিনিয়োগকারী পদ্মা অয়েলের লভ্যাংশ বণ্টনের পদ্ধতি নিয়ে অনিয়মের অভিযোগ এনে উচ্চ আদালতে রিট আবেদন করেন। তাতে বলা হয়, লভ্যাংশ ঘোষণার উদ্দেশ্যে (নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা) পর্ষদের সভা ডাকার আগে ডিএসই লিস্টিং বিধি-৩০ অনুযায়ী পূর্ব ঘোষণা দিতে হয়। কিন্তু পদ্মা অয়েল এ ঘোষণা না দিয়ে গত ১৮ ডিসেম্বর পর্ষদের সভা ডেকে লভ্যাংশ ও রেকর্ড ডেট ঘোষণা করেছে। পদ্মা অয়েল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হওয়ার তারিখ ছিলো ৫ মার্চ। কিন্তু আদালতে বিচারাধীন থাকায় এ লভ্যাংশ কার্যকর হয়নি। কিন্তু পদ্মা অয়েল পর্ষদ ২১ মার্চ আরেকটি সভায় এই লভ্যাংশ পুনর্বিবেচনা করে ৫০ ভাগ নগদ, বাকি অর্ধেক বোনাস শেয়ার আকারে দেওয়ার ঘোষণা দেয়। এ জন্য এজিএম ৩০ এপ্রিল ও রেকর্ড ডেট ৪ এপ্রিল নির্ধারণ করা হয়। একই বছরে এজিএম অনুষ্ঠানের আগে দুই রকমের লভ্যাংশ ঘোষণা দেয়ায় বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বিবেচনায় পদ্মা অয়েলের লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নিতে বাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসির পরামর্শ চায় ডিএসই। এসইসি অনাপত্তি জানালে বুধবার পদ্মা অয়েলের লেনদেন স্থগিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৬২৪ ঘ.