নারায়ণগঞ্জ, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওভারটাইম নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জে দু'টি পোশাক কারখানায় বিক্ষোভ ও কর্মবিরতি করেছে শ্রমিকরা।
বুধবার সদর উপজেলার ফতুল্লার পাগলা দেলপাড়ায় 'এসবি' ও 'বার্লিন' নামের এক মালিকের দু'টি কারখানায় এ ঘটনা ঘটে।
পরে পুলিশ ও বিকেএমইএ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
ঘটনা মীমাংসায় বৃহস্পতিবার সকাল ১১টায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
বিকেএমইএ'র সাবেক পরিচালক এবং লেবার এফেয়ার্স কমিটির চেয়ারম্যান জিএম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসবি ও বার্লিন এই দুই কারখানা কর্তৃপক্ষ সোমবার আয়রনম্যানদের রাত ৮টার মধ্যে একটি কাজ শেষ করতে বলে।
আয়রনম্যানরা বিকাল ৫টায় কাজ শেষ করে কার্ডে ওভারটাইম তুলে দিতে ইনচার্জ দেলোয়ারকে বলে। বিষয়টি নিয়ে শ্রমিকদের সঙ্গে দেলোয়ারের কথা কাটাকাটি হলে তারা দেলোয়ারকে মারধর করে।
এর জেরে কর্তৃপক্ষ চার আয়রনম্যানকে শোকজ করলে বেলা ১২টার দিকে কারখানা দু'টির প্রায় দেড় হাজার শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২২ ঘ.
bdnews24