২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডি. ও. প্রথা বাতিল

ভোজ্যতেল ও চিনির ক্ষেত্রে ডেলিভারি অর্ডার (ডি.ও.) প্রথা বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোজ্যতেল ও চিনির ক্ষেত্রে ডেলিভারি অর্ডার (ডি.ও.) প্রথা বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় বুধবার অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ, ২০১১ নামে এ প্রজ্ঞাপন জারি করে। এর ফলে আগামী ৯০ দিনের মধ্যে বাতিল হয়ে যাবে দীর্ঘদিন ধরে চলে আসা ডি. ও. প্রথা। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এ আদেশের গেজেট প্রকাশ করা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। দাম স্থিতিশীল রাখতে ভোজ্যতেল ও চিনি ব্যবসায় ডি. ও. প্রথা বাতিলে গত ১৪ অক্টোবর সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সভাপতিত্বে সংশ্লিষ্ট মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত হয়। সেদিন বাণিজ্য সচিব গোলাম হোসেন বলেছিলেন, ডি. ও. পদ্ধতিতে মধ্যস্বত্ত্বভোগীরা ফাটকাবাজি করে পণ্যের দাম বাড়িয়ে দেয়। তারা মজুদ করে আটকে রেখে দাম বাড়িয়ে পরে ব্যবসা করে। এক কথায় ডি.ও. পদ্ধতি একটি অসৎ ব্যবস্থা ও নিছক কাগজের ব্যবসা। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ আদেশ আপাতত ভোজ্যতেল ও চিনি বিপণনের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং পরবর্তীতে তা প্রয়োজন অনুসারে অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রেও বর্তাবে। "এই আদেশ জারি হওয়ার ৯০ দিনের মধ্যে পরিবেশক নিয়োগ সম্পন্ন করতে হবে। সিটি কর্পোরেশনের ক্ষেত্রে প্রত্যেক থানায় এবং প্রত্যেক উপজেলায় এক বা একাধিক পরিবেশক নিয়োগ করা যাবে। পণ্য যৌক্তিক মূল্যে ভোক্তার কাছে বিক্রির উদ্দেশ্যে বিপণনের কেন্দ্রবিন্দু হিসেবে উপজেলা বা থানাগুলো কাজ করবে- এ কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আদেশ জারির ৯০ দিনের মধ্যে বর্তমানে পণ্য বিপণনের উদ্দেশ্যে প্রচলিত ডিও প্রথা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। আদেশ অনুযায়ী, পরিবেশক কর্তৃক পণ্য উত্তোলনের জন্য সরবরাহ আদেশ পদ্ধতি চালু থাকবে। সরবরাহ আদেশ কোনো অবস্থাতেই হস্তান্তর করা যাবে না। সরবরাহ আদেশের মেয়াদ সর্বোচ্চ ১৫ দিন হবে, যা কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না এবং মেয়াদ উত্তীর্ণ সরবরাহ আদেশের বিপরীতে কোনো পণ্য সরবরাহ করা যাবে না। "এ ছাড়া পণ্যের পরিমাপের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতি অনুসরণ এবং তরল পণ্য পরিমাপের ক্ষেত্রে লিটার ছাড়া অন্য কোনো একক গ্রহণযোগ্য হবে না।" পণ্যের পরিমাণ, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য মোড়কে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ক্ষেত্রে দেশের প্রচলিত অন্যান্য আইনের বিধান প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পদ্ধতির যাবতীয় কার্যক্রম তদারকির জন্য বাণিজ্য সচিবের নেতৃত্বে জাতীয় কমিটি, জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি এবং উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা তদারক কমিটি থাকবে। উৎপাদক, পরিশোধক বা আমদানিকারক কর্তৃক কোনো পণ্যের সর্বোচ্চ মিল-গেইট মূল্য, বিতরণ মূল্য ও খুচরা বিক্রয় মূল্য ন্যায়সঙ্গতভাবে নির্ধারণ এবং অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে। জাতীয় কমিটি উৎপাদক, পরিশোধক বা আমদানিকারক ও ব্যবসায়ী সমিতির সহযোগিতায় সময় সময় প্রত্যেক পণ্যের জন্য মূল্য নির্ধারণ পদ্ধতি স্থির করে দেবেন। কোন অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য যৌক্তিকভাবে বাড়াতে, কমাতে বা পুনঃনির্ধারণ করার প্রয়োজন হলে সংশ্লিষ্ট পণ্যের ব্যবসায়ী সমিতির মাধ্যমে করে তা কার্যকর হওয়ার নূন্যতম ১৫ দিন আগে মনিটরিং সেল, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০৩০ ঘ.