২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তালিকাভুক্তির অনুমতি পেলো মবিল যমুনা

পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমতি পেয়েছে মবিল যমুনা লিমিটেড (এমজেএল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 03:02 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমতি পেয়েছে মবিল যমুনা লিমিটেড (এমজেএল)। মঙ্গলবার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় তালিকাভুক্তির এই সিদ্ধান্ত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এসইসি মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান। তিনি বলেন, যত দ্রুত সম্ভব তালিকাভুক্তির জন্যে দেশের দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে এসইসি। ফলে এই প্রতিষ্ঠানটির লেনদেন শুরু হতে আর বাধা নেই। বুকবিল্ডিং পদ্ধতির মাধ্যমে মবিল যমুনা ও এমআই সিমেন্টের ইস্যুমূল্য অতিমূল্যায়িত বলে ব্যাপক সমালোচনা হলে গত ২০ জানুয়ারি অর্থমন্ত্রীর নির্দেশে এসইসি এই পদ্ধতি স্থগিত করে। ২৩ জানুয়ারি দুটি প্রতিষ্ঠানের আইপিও প্রক্রিয়াও স্থগিত করা হয়। এর পর প্রতিষ্ঠান দুটিকে শর্ত দেওয়া হয়, ছয়মাসের মধ্যে ইস্যুমূল্যের নিচে নেমে এলে শেয়ার বরাদ্দ প্রাপ্তদের ক্ষতিপূরণ দিতে হবে। মঙ্গলবার মবিল যমুনা ক্ষতিপূরণের শর্ত মেনে নেওয়ার অঙ্গীকার করে। শর্ত অনুযায়ী, ছয় মাসের মধ্যে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ইস্যুমূল্যের (১৫২ টাকা ৪০ পয়সা) নিচে নেমে এলে কোম্পানির উদ্যোক্তরা নিজেদের তহবিল থেকে ক্ষতিপূরণ দেবেন। শুধু প্রাথমিক বরাদ্দপ্রাপ্ত শেয়ার হোল্ডাররাই এই ক্ষতিপূরণ পাবেন। সেকেন্ডারি মার্কেট থেকে কেউ শেয়ার কিনে ক্ষতিগ্রস্ত হলে তিনি কোনো ক্ষতিপূরণ পাবেন না। নিয়ম অনুযায়ী, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণের তারিখ থেকে ৭৫ দিনের মধ্যে এসইসিতে তালিকাভুক্ত হতে হয়। ২২ মার্চ এমজেএল'র তালিকাভুক্তির শেষদিন। এ ছাড়া ২৯ মার্চ এমআই সিমেন্টের তালিকাভুক্তির শেষদিন হিসাবে নির্ধারিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/পিডি/২০৫৯ ঘ.