২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুকবিল্ডিং পদ্ধতি সংশোধনের উদ্যোগ এসইসির

বুকবিল্ডিং পদ্ধতির সংশোধনে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছে একটি প্রস্তাব উপস্থাপন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুকবিল্ডিং পদ্ধতির সংশোধনে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছে একটি প্রস্তাব উপস্থাপন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সংশ্লিষ্ট পক্ষগুলো এ প্রস্তাবের ওপর মতামত দিলে ২৮ মার্চ বৈঠকের মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে। সোমবার সকালে এসইসি কার্যালয়ে এক আলোচনা সভায় এ প্রস্তাব তুলে ধরা হয়। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, "সভায় বুকবিল্ডিং পদ্ধতির সংশোধন নিয়ে সবার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্টরা নিজ নিজ প্রতিষ্ঠানে প্রস্তাবটি নিয়ে আলোচনা করবেন। তাদের মতামত থাকলে তা এসইসিতে জমা দেবেন। এরপর প্রস্তাবটি চূড়ান্ত করা হবে।" তিনি জানান, বুকবিল্ডিং পদ্ধতির নির্দেশক মূল্য কীভাবে নির্ধারণ করা হবে, রোড শো কীভাবে হবে, কারা অংশ নেবে, বিডিং পদ্ধতি কেমন হবে- এসব বিষয় এ প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। পদ্ধতিটি যাতে যথাযথ ও ক্রুটিমুক্ত হয়, সেই চেষ্টাই করা হচ্ছে। চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারের সভাপতিত্বে এসইসির সদস্য মো. ইয়াসিন আলী, মো. আনিসুজ্জামান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি সালমান এফ রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) জ্যেষ্ঠ সহসভাপতি আল মারুফ খান, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মুর্তজা আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। আহসানুল ইসলাম বলেন, "বর্তমানে বুকবিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্তি বন্ধ রয়েছে। এ পদ্ধতি আবার যাতে চালু করা যায়, সে চেষ্টা করা হচ্ছে। এসইসি আজ কিছু প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে আমরা ডিএসইর বোর্ড ও সদস্যদের সুপারিশ নেব। এরপর অন্য সংস্থাগুলোর সঙ্গে আলোচনার পর বিষয়টি চূড়ান্ত করার জন্য আগামী সোমবার আবার বৈঠকে বসবো।" এক প্রশ্নের জবাবে আহসানুল বলেন, "বর্তমান বুকবিল্ডিং পদ্ধতির কিছু ধারার অপব্যবহার করে অনেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এটা বন্ধ করে পদ্ধতিটির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।" বিএপিএলসির সভাপতি সালমান এফ রহমান বলেন, "আজ বুকবিল্ডিং পদ্ধতির সংশোধন নিয়ে এসইসির প্রস্তাব শুনেছি। এখন আমরা নিজেরা প্রস্তাবটি নিয়ে আলোচনা করে মতামত জানাবো।" তিনি বলেন, "এ পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো শেয়ারের নির্দেশক মূল্য র্নিধারণ। এটা নিয়ে আরো পর্যালোচনা প্রয়োজন।" সম্প্রতি মবিল যমুনা ও এম আই সিমেন্ট নামের দুটি প্রতিষ্ঠান বুকবিল্ডিং পদ্ধতিতে বাজারে আসার আবেদন করে। কিন্তু তাদের ইস্যুমূল্য অতিমূল্যায়িত হওয়ায় বুকবিল্ডিং পদ্ধতি নিয়েই প্রশ্ন ওঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/২১৩৩ ঘ.