ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচনকে অন্যায়, অবৈধ ও বেআইনি বলে দাবি করেছে নির্বাচন বর্জনকারী প্যানেল।
বর্জনকারী প্যানেল 'ফোরাম'-এর নেতা এবং বিজিএমইএ'র সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
ফোরাম প্যানেলের বয়কটের মধ্যে রোববার পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ'র দ্বিবার্ষিক (২০১১-১২) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মনোয়নপত্র প্রত্যাহার না করলেও শেষ মুহূর্তে নির্বাচন বয়কটের ঘোষণা দেয় ফোরাম প্যানেলের নেতারা। নির্বাচনে সম্মিলিত পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়।
নির্বাচন বাতিল না হলে আইনি লড়াইয়ে যাবেন জানিয়ে পারভেজ অভিযোগ করেন, বহিরাগতদের দিয়ে ব্যালট পেপারে সিল দেওয়া হয়েছে।
ভোটারের উপস্থিতিও বেশি ছিলো না বলে দাবি করেন তিনি।
ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না সংবাদ সম্মেলনে বলেন, সাতশ ১১ জন ভোটারের ব্যাপারে আমাদের আপত্তি ছিল।
"১৫ মার্চ বাণিজ্যমন্ত্রী আমাদের বলেন, অফিস অব দ্য রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস থেকে একদিনের মধ্যে এসব ভোটারের মালিকানা যাচাই করা হবে।"
মাহমুদুর বলেন, একদিনে এটা সম্ভব নয় জেনে আমরা বিজিএমই নির্বাচন স্থগিত করতে প্রধানমন্ত্রীর কাছেও আবেদন করি।
অফিস অব দ্য রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস থেকে ভোটার তালিকা যাচাই হয়েছে বলে রোববার ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের জানিয়েছেন বিজিএমইএ নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী।
তিনি বলেন, সেখানে যাচাই-বাছাই হয়ে ২৩১ জন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমইউএস/পিডি/২০০৫৫ ঘ.
bdnews24