ময়মনসিংহ, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া বাজার সোনালী ব্যাংকের শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে চারটি ইউনিয়নে দুদিন ধরে বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট চলছে।
বালিয়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আজারুল মুজাহিদ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বালিয়া বাজার সোনালী ব্যাংকের শাখা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বালিয়া বাজার, রূপসী, বওলা ও ঢাকুয়া ইউনিয়নের হাজার খানেক গ্রাহক দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করছে।
ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, ক্রমাগত লোকসান হওয়ায় ব্যাংকের শাখাটি বালিয়া বাজার থেকে সরিয়ে তারাকান্দায় নেওয়া হচ্ছে।
রোববার বিকালে বালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বালিয়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন। সোমবার ভোর থেকেই চারটি ইউনিয়নের সব হাটবাজারের দোকানপাট বন্ধ রয়েছে। পাশাপাশি বিক্ষোভও চলছে।
সমাবেশে বক্তারা বালিয়াবাজার শাখা সোনালী ব্যাংক স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল না করা হলে আরো কঠোর কর্মসূচির হুমকি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫২৫ ঘ.
bdnews24