ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- তিন দিন বন্ধ থাকার পর চাঙাভাবের মধ্য দিয়েই দেশের দুই পুঁজিবাজারে নতুন সপ্তাহ শুরু হয়েছে। সূচক ও লেনদেন বাড়ার পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৫২৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ ছিলো ১৫৬ কোটি ৩৭ লাখ টাকা।
দিনশেষে ডিএসই সাধারণ সূচকে ৫৭ পয়েন্ট যোগ হয়েছে। সাধারণ সূচক শূন্য দশমিক ৯০ শতাংশ বেড়ে ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৪৬৯ পয়েন্ট।
লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৯টির। ১০টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
বিভিন্ন খাতের শেয়ারের দাম বাড়লেও এদিন ব্যাংকিং খাতের শেয়ারের দাম কিছুটা নিুমুখী ছিলো।
দিনের শীর্ষ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, বেক্সটেক্স, ইউনাইটেড এয়ার, পিপলস লিজিং, তিতাস গ্যাস, আফতাব অটো, ম্যাকসন স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল, বেক্সফার্মা, গোল্ডেনসন।
দাম বৃদ্ধির শীর্ষে রয়েছে সামিট পোর্ট এলায়েন্স, মেঘনা কনডেন্স মিল্ক, রংপুর ফাউন্ড্রি, ফাইনফুডস, জিকিউ বলপেন, সায়হাম টেক্স, বিচহ্যাচারি, সিএসসি কামাল, ফুওয়াং ফুড ও বিডিকম।
অপরদিকে মূল্যহ্রাসের শীর্ষে রয়েছে ফার্স্ট লিজ ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, রূপালী ইন্সু, ডাচবাংলা ব্যাংক, ইউনাইটেড এয়ার, ফনিক্স ইন্সু, এশিয়া ইন্সু, ন্যাশনাল ইন্সু, প্রাইম ব্যাংক, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক।
সিএসইতে রোববার ১৫৬ কোটি ৩৭ লাখ টাকায় ১ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ৫৭টির।
দিন শেষে সব শেয়ার নিয়ে গঠিত সিএসই সার্বিক সূচক ১২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮১২০ পয়েন্ট। অপরদিকে সিএসই বাছাই সূচক (সিএসসিএক্স) ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৭২২ পয়েন্ট।
সিএসইতে শীর্ষ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড এয়ার, বেক্সটেক্স, এইমস ফাস্ট, ম্যাকসন স্পিনিং, শাহজালাল ব্যাংক, ডেফোডিল কম্পিউটার, এনসিসি ব্যাংক, ইউসিবিএল, বেক্সিমকো, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24