২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববারই বিজিএমইএ নির্বাচন: মুর্শেদী

'ফোরাম' প্যানেলের বয়কটের ঘোষণা সত্ত্বেও রোববারই বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচন হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 10:11 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ফোরাম' প্যানেলের বয়কটের ঘোষণা সত্ত্বেও রোববারই বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচন হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। বৃহস্পতিবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "নির্বাচনী বোর্ড আমাদের জানিয়েছে, তারা নির্বাচনের জন্য প্রস্তুত। ২০ মার্চই (রোববার) নির্বাচন হবে ইনশাল্লাহ।" নির্বাচনে 'সম্মিলিত পরিষদ' এবং 'ফোরামের' দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করার কথা। তবে বুধবার ফোরম প্যানেল ভোটার তালিকায় ত্র"টি থাকার অভিযোগ এনে নির্বাচন বয়কটের ঘোষণা দেয়। বয়কটের ঘোষণার পক্ষে ফোরাম নেতা আনোয়ার-উল-আলম চৌধুরী বলেন, "৭১১ জন ভোটারের ফাইলকে অসম্পূর্ণ ঘোষণা করেছে নির্বাচন বোর্ড। ওইসব ভোটারের প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে কয়েকদিন সময় দিয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন বোর্ড। কিন্তু অনেকেই এখনও চিঠি পাননি। তাই ২০ মার্চের মধ্যে ভোটার তালিকা ক্রটিমুক্ত করে নির্বাচন অনুষ্ঠান অসম্ভব।" এর আগে ভোটার তালিকা হালনাগাদ করার কারণ দেখিয়ে পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠনের নির্বাচন এক দফা পেছানো হয়েছিলো। তবে অভিযোগ অস্বীকার করে সালাম মুর্শেদী বলেন, "৭১১ জনকেই চিঠি পাঠানো হয়েছে। এরই মধ্যে চিঠি পাওয়া ৪০৬ জন তাদের ফাইল জমা দিয়েছেন। এছাড়া বাণিজ্যমন্ত্রীর নির্দেশে রেজিস্ট্রিার অব জয়েন্ট স্টক থেকে ৭১১ জনের তথ্য যাচাই হয়ে গতকাল (বুধবার) নির্বাচন বেেোর্ডর কাছে এসেছে।" নতুন ভোটার তালিকা টানানোর বিষয়ে তিনি বলেন, "এর কোনো প্রয়োজন নেই। যাদের বৈধ কাগজপত্র রয়েছে তারাই ভোট দিতে পারবেন।" তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের এ সংগঠনের বর্তমান তালিকায় মোট ভোটার সংখ্যা তিন হাজার ২৫৯। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্যানেলটি হলো সম্মিলিত পরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/১৬০৬ ঘ.