ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন শাকিল রিজভী।
বুধবার ডিএসইর বার্ষিক সাধারণ সভায় তাকে আবারও ওই পদে নির্বাচিত কার হয়।
এছাড়া জেষ্ঠ্য সহ-সভাপতি পদে আহসানুল ইসলাম টিটু এবং সহ-সভাপতি পদে মোহাম্মদ শাহজাহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তারা পরবর্তী এক বছর দায়িত্ব পালন করবেন বলে ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ডিএসইর এই তিনটি পদে নির্বাচন হয় পরিচালকদের ভোটে। ২৪ জন পরিচালকের মধ্যে তিনবছরের জন্যে ১২ জন ভোটে নির্বাচিত, বাকি ১২ জন মনোনীত হয়ে থাকেন।
এর আগে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ডিএসইর ৪৯তম বার্ষিক সাধারণ সভা হয়।
এজিএমে ২০০৯-২০১০ অর্থবছরের পরিচালনা পর্ষদের প্রতিবেদন উপস্থাপন, পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এছাড়া ১৩ মার্চ অনুষ্ঠিত পরিচালক পদের নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ডিএসই সদস্যরা ছাড়াও প্রধান নির্বাহী কর্মকর্তা সতীপতি মৈত্র ও কর্মকর্তারা সাধারণ সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/০০২৬ ঘ.
bdnews24