২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অন্যান্য দেশের তুলনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে'

বাণিজ্য মন্ত্রী ফারুক খান বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ দেশে দ্রব্যমূল্য অনেক নিয়ন্ত্রণে রয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চিনি ও ভোজ্যতেলের উপর শুল্ক কমানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 11:38 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য মন্ত্রী ফারুক খান বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ দেশে দ্রব্যমূল্য অনেক নিয়ন্ত্রণে রয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চিনি ও ভোজ্যতেলের উপর শুল্ক কমানো হয়েছে। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার 'ভোক্তার জন্য সুষ্ঠু আর্থিক সেবা' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সেমিনারের আয়োজন করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাণিজ্য মন্ত্রী বলেন, "জনবল সঙ্কটের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম পুরোপুরিভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। জনবল নিয়োগের ব্যাপারে সরকারি কর্ম কমিশনকে বলা হলেও তারা তেমন গুরুত্ব দিচ্ছে না।" তিনি জানান, ভোক্তা অধিকার অধিদপ্তর এ পর্যন্ত ১৫০০টি অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা জরিমানা করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, "বিভিন্ন পণ্য ও সেবা ক্রয় বিক্রয়ের জন্য ইন্টারনেট ভিত্তিক ই-কমার্স এবং মোবাইল ফোন ব্যাংকিং এর মাধ্যমে ভোক্তাদের আর্থিক সেবা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।" তিনি বলেন, "বেসরকারি ব্যাংকগুলোতে ছোট পরিসরে (মিনি) ব্যাংকিং ব্যবস্থা চালু করা হবে। এছাড়া আগামী মাস থেকে একটি বেসরকারি ব্যাংক ভ্রাম্যমাণ ব্যাংকিং শুরু করবে।" নিত্য প্রয়োজনীয় দ্রব্য তথা পেঁয়াজ, রসুন ও আদা চাষের জন্য পার্বত্য চট্টগ্রামের কৃষকদের ২ শতাংশ হারে ঋণ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, "ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে শক্তিশালী করতে না পারলে ভোক্তারা ন্যায্য অধিকার থেকে বারবার বঞ্চিত হবে।" তিনি বলেন, "একটি প্রতিষ্ঠানের তৈরি প্যারাসিটামল সিরাপ খেয়ে মানুষ মারা গেছে। অথচ ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এক্ষেত্রে সরকারকে আরো কঠোর হতে হবে।" অধিকার নিশ্চিতের জন্য ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান আজাদ। সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, "আর্থিক সেবার বিষয়টি ভোক্তা অধিকার আইনে নেই। এটি অন্তর্ভুক্ত করতে হবে।" তিনি বলেন, "নগর পর্যায়ে ভোক্তারা আর্থিক সেবা বেশি পেয়ে থাকে। এই সেবার পরিধি গ্রাম অঞ্চলে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। তা না হলে দারিদ্রসহ নানা বৈষম্য দূর করা সম্ভব হবে না।" ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভুঁইয়া বলেন, "পণ্যের মূল্য বৃদ্ধি হলে ভ্যাট ও ট্যাক্স কমানো হয়। এতে ব্যবসায়ীরা লাভবান হন। কিন্তু ভোক্তারা হন না। এই বিষয়টিতে সরকারকে নজর দিতে হবে।" নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর জন্য সরকারের কাছে দাবি জানান তিনি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম, বাণিজ্য সচিব গোলাম হোসেন, ক্যাবের সভাপতি কাজী ফারুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৭৩৯ ঘ.