২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুট ব্যবসার বিরোধে হামলায় আহত ২

ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জেরে সোমবার রাতে সাভারে দু'জন আহত হয়েছেন প্রতিপক্ষের হামলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 06:07 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

সাভার, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জেরে সোমবার রাতে সাভারে দু'জন আহত হয়েছেন প্রতিপক্ষের হামলায়। আশুলিয়ার বলীভদ্র বাসস্ট্যান্ডে রাত সাড়ে ৯টায় এ হামলা হয়। এতে শামশুল আলম বিপ্লব (৩৮) ডানপায়ে গুলিবিদ্ধ হন। তার চাচাত ভাই জাকির হোসেন (২৫) ছুরিকাহত হন। তাদের এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা দু'জনই ধানশোলা ইউনিয়ন শ্রমিক লীগের স্থানীয় নেতা বলে শামসুলের স্ত্রী সেলিনা আক্তার জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শামসুল আলম ডিইপিজেডের পুরাতন জোনের এসসিআই এবং নতুন জোনের টালিসমা পোশাক কারখানার সঙ্গে ঝুটের ব্যবসা করতেন। স্থানীয় নজরুল ইসলাম হিরু, নান্নু ও মোনতাজসহ বেশ কয়েকজন দীর্ঘদিন যাবত তার স্বামীর ব্যবসা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালালে তাদের বিরোধ সৃষ্টি হয়। এদিকে শামসুলের এক ব্যবসায়িক অংশীদার আব্বাস উদ্দিন বলেন, নজরুল ও হীরু একসময় শামসুলের সঙ্গে ব্যবসা করতেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শামসুল ব্যবসা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলে বিরোধ সৃষ্টি হয়। ঢাকার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নজরুল ও হীরু বেশ কয়েকটা গুলি করেছিল। তার মধ্যে একটি গুলি শামসুলের ডানপায়ে বিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৩ ঘ.