২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগ্য সবাইকে কর দিতে হবে: প্রধানমন্ত্রী

দেশের উন্নয়নে করের গুরুত্ব তুলে ধরে যোগ্য নাগরিকদের কর দিতে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের জন্য কৃষি ও স্বাস্থ্য বীমা চালুর বিষয়টি সরকারের চিন্তা-ভাবনায় রয়েছে বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 09:10 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উন্নয়নে করের গুরুত্ব তুলে ধরে যোগ্য নাগরিকদের কর দিতে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের জন্য কৃষি ও স্বাস্থ্য বীমা চালুর বিষয়টি সরকারের চিন্তা-ভাবনায় রয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে রোববার তার কার্যালয়ে গিয়ে দেখা করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যরা। তাদের সঙ্গে বৈঠকে হাসিনা কর এবং বীমা বিষয়ে কথা বলেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন। তিনি জানান, কর দেওয়ার যোগ্য সবার কর দেওয়ার ওপর প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন। সবাই কর না দিলে দেশের উন্নয়ন কার্যক্রম এগোবে না বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, "যারা কর দেওয়ার উপযোগী তাদের সবাইকে কর দিতে হবে।" আবুল কালাম বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, 'কথায় কথায় কর মওকুফের কথা বললে চলবে না'।" "কর আদায়ে সংশ্লিষ্টদের ব্যাপকভাবে প্রচার করতে হবে। বহু নামী-দামী ব্যক্তিও কর ফাঁকি দিতে টাকা এদিক-ওদিক করেন। দেশের মানুষের উন্নয়ন চাইলে কর দিতে হবে। এজন্য, দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে হবে", বলেন প্রধানমন্ত্রী। হাসিনা বলেন, "দরিদ্র জনগণকে নিয়ে সবাই খেলে। কিন্তু, দরিদ্রের ভাগ্যের উন্নয়ন হয় না। বর্তমান সরকার এই মানসিকতার পরিবর্তন চায়। দরিদ্র জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলুক, সরকার তা হতে দেবে না।" ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যরা দেশের সার্বিক উন্নয়নের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানান এবং সরকারকে সহযোগিতার আশ্বাসও দেন। নিজেদের বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নেতারা। প্রধানমন্ত্রী সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সমস্যা সমাধানের আশ্বাস দেন। হাসিনা বলেন, বীমা জনপ্রিয় করতে ব্যাপক প্রচার চালাতে হবে। ইতিবাচক প্রচার চালিয়ে জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবীর হোসেনের নেতৃত্বে নির্বাহী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ছাড়াও ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এমএ করিম ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫১০ ঘ.