২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাংলাদেশ ফান্ড নিয়ে কোনো অনিশ্চয়তা নেই'

পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ৫ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ড নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 08:42 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ৫ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ড নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান। তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফান্ড গঠনে অনিশ্চয়তার অবকাশ নেই। ইতোমধ্যেই এ বিষয়ে কো-স্পন্সরদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে। আইসিবির বোর্ড সভাতেই ফান্ড গঠনের বিষয়টি অনুমোদন করা হয়েছে। অন্যান্য সহযোগী স্পন্সররাও তাদের আগ্রহের কথা আমাদের জানিয়েছেন।" তিনি জানান, ৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের আনুষ্ঠানিকতা শেষ হলেও তা বাজারে আসবে। আইসিবির ফান্ড গঠনে অনিশ্চয়তা নিয়ে কয়েকটি সংবাদ মাধ্যমের খবর উড়িয়ে দিয়ে আইসিবি ব্যবস্থাপনা পরিচালক বলেন, "এটি নিছক গুজব। এর কোনো ভিত্তি নেই।" এ তহবিল সম্পর্কে বাজারে নেতিবাচক সংবাদ পরিবেশন উদ্দেশ্যমূলক বলে তিনি মন্তব্য করেন। ফায়েকুজ্জামান বলেন, "কো-স্পন্সরদের অনেকেই আইসিবির পরিচালনা পর্ষদের সদস্য। তাদের সম্মতিতেই ফান্ডটি অনুমোদিত হয়েছে। সুতরাং এক্ষেত্রে তাদের অংশগ্রহণ বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।" তিনি জানান, আইসিবির অনুমোদনের পরে কো-স্পন্সরদের চিঠি পাঠানো হয়েছে। তাদের পর্ষদের অনুমোদন হয়ে গেলেই চূড়ান্ত অনুমোদনের জন্যে ফান্ডটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে পাঠানো হবে। সুতরাং ফান্ডটি বাজারে আসা এখন সময়ের ব্যাপার মাত্র। ফায়েকুজ্জামান বলেন, জনতা ব্যাংক তাদের পরিবচালনা পর্ষদের সোমবারের সভায় এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। এ সপ্তাহের মধ্যেই আরো কয়েকটি কো-স্পন্সর তাদের পর্ষদের সভায় বিষয়টি তুলবে বলে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আইসিবিকে জানানো হয়েছে। পুজিবাজারের অব্যাহত দরপতনের পরিপ্রেক্ষিতে আইসিবি ৫ হাজার কোটি টাকার একটি ফান্ড গঠনের সিদ্ধান্ত নেয়। এর অর্ধেক পুজিবাজারে বিনিয়োগ করা হবে। ফান্ডটির মূল স্পন্সর আইসিবি। ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। কো-স্পন্সর হিসাবে রয়েছে সোনালী, অগ্রণী, জনতা, রূপালী ও বাংলাদেশ ডেভেলেপমেন্ট ব্যাংক এবং সাধারণ বীমা ও জীবন বীমা কর্পোরেশন। ৯ মার্চ আইসিবির পরিচালনা পর্ষদের সভায় ফান্ডটির অনুমোদন দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৪৪০ ঘ.