ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্র"য়ারি) গত অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৪০ দশমিক ২৮ শতাংশ। একই সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি বেড়েছে ১৯ দশমিক ৫৮ শতাংশ বেশি।
বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম আট মাসে এক হাজার একশ ৭৬ কোটি মার্কিন ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে পণ্য রপ্তানি হয়েছে এক হাজার চারশ সাত কোটি ডলারের। গত বছরের একই সময়ে পণ্য রপ্তানি হয়েছিল এক হাজার তিন কোটি মার্কিন ডলারের।
গত বছরের ফেব্র"য়ারির তুলনায় চলতি অর্থবছরের ফেব্র"য়ারি মাসে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৪৩ দশমিক ৩৩ শতাংশ।
রপ্তানি প্রবৃদ্ধি হওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে, নিটওয়ার, ওভেন গার্মেন্টস, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য, চিংড়ি, কাঁচা পাট, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য।
তামাক, প্লাস্টিক পণ্য, হস্তশিল্পচাত পণ্য, ক্যাপ, ঘড়ি ও ঘড়ির যন্ত্রাংশ, ভেসেলস, সিরামিক পণ্য, কম্পিউটার সার্ভিসেস, ইলেকট্রিক পণ্য, আসবাবপত্র ও ঔষধ।
যে সব পণ্যে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় কম হয়েছে, তার মধ্যে রয়েছে- চা, রাসায়নিক পণ্য, বাইসাইকেল, প্রকৌশল পণ্য, পেট্্েরালিয়াম বাই প্রডাক্টস, টেরি টাওয়েল, প্রিন্টেড ম্যাটিরিয়ালস ও কেমিক্যাল ফার্টিলাইজার।
ইপিবির হিসাবে, পরিমাণগত দিক থেকে সবচেয়ে বেশি রপ্তানি আয় হয়েছে নিটওয়ার খাতে। এ খাতের রপ্তানির পরিমাণ ৫৭৯ কোটি মার্কিন ডলারের।
আনুপাতিক হারে গত বছরের একই সময়ে তুলনায় সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে উল ও উলেন পণ্য খাতে। এ খাতে প্রবৃদ্ধির হার তিন হাজার ৬০০ শতাংশ।
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার ৮৫০ কোটি মার্কিন ডলারের পণ্য। যা গত অর্থবছরের প্রকৃত রপ্তানি আয়ের চেয়ে ১৪ দশমিক ১৬ শতাংশ বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০১০ ঘ.
bdnews24