ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার চাঙ্গা করার জন্য 'বাংলাদেশ ফান্ড' গঠনের অনুমোদন দিয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদ।
এর মধ্য দিয়ে পাঁচ হাজার কোটি টাকার এ তহবিল গঠনের প্রক্রিয়া শুরু হলো।
ফান্ডটির গঠন প্রক্রিয়া চূড়ান্ত হতে আইসিবিসহ সংশ্লিষ্ট সবগুলো স্পন্সর প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদের অনুমোদন লাগবে। তবে এই তহবিলের ব্যাবস্থাপনার দায়িত্বে থাকবে আইসিবি।
আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইসিবি পরিচালনা পর্যদের অনুমোদনের মাধ্যমে এ ফান্ডের সঙ্গে আইসিবির যুক্ত হওয়াকে অনুমোদন করা হলো।"
এই তহবিলের পাঁচ হাজার কোটি টাকা মধ্যে ১০ শতাংশের (৫০০ কোটি টাকা) যোগান দেবে আইসিবি। এছাড়া সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও সাধারণ বীমা করপোরেশন এই তহবিল গড়তে সহযোগিতা দেবে। এ ছাড়া বেসরকারি ব্যাংক বা ব্রোকারেজ হাউজগুলোও চাইলে এ ফান্ডের অংশ কিনতে পারবে।
বাকি ছয় অংশীদার প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদে তহবিল গঠনের বিষয়টি অনুমোদনের পর সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদন চাওয়া হবে বলে ফায়েকুজ্জামান জানান।
পুরো প্রক্রিয়াটি খুব তাড়াতাড়ি শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পুঁজিবাজারের অস্থিরতা থেকে সাধারণ বিনিয়োগকারীদের রক্ষা করতে পাঁচ হাজার কোটি টাকার 'বাংলাদেশ ফান্ড' গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। এ তহবিলের ৫০ শতাংশ পুঁজিবাজারের জন্য এবং বাকি ৫০ শতাংশ মুদ্রা বাজারের জন্য ব্যবহার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/জেকে/১৯৫৮ ঘ.
bdnews24