২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আমলাতান্ত্রিক জটিলতায় দাতা গোষ্ঠির অর্থ ছাড়ে দেরি'

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশের মতোই দাতা গোষ্ঠীর আমলাতান্ত্রিক জটিলতায় রয়েছে। এ কারণে অর্থ ছাড়ে দেরি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশের মতোই দাতা গোষ্ঠীর আমলাতান্ত্রিক জটিলতায় রয়েছে। এ কারণে অর্থ ছাড়ে দেরি হয়। মঙ্গলবার বৈদেশিক সহায়তা ব্যবহার সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। "বাজেট ঘাটতি পূরণে আমরা দেশীয় উৎসের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি।" দেশীয় ও বৈদেশিক উৎস সমান করার কথা উল্লেখ করে মুহিত বলেন, "বৈদেশিক সহায়তার ব্যাপারে সবচেয়ে বড় সমস্যা আমরা এটা ব্যবহার করতে পারি না। তবে এদের সুদের হার অনেক কম। দেশি উৎসের সুদের হার বেশি। নয় থেকে ১০ শতাংশ।" বৈদেশিক সহায়তা ব্যবহারকারী ৩৭টি প্রকল্পে সমস্যা রয়েছে জানিয়ে মুহিত বলেন, "এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করেছি। এর মধ্যে পাঁচটি মন্ত্রণালয় বেশি সমস্যাগ্রস্ত। "এগুলো হলো বিদ্যুৎ, স্বাস্থ্য, স্থানীয় সরকার, যোগাযোগ (সড়ক ও জনপথ) এবং শিক্ষা।" সমস্যাগুলোর বিষয়ে মুহিত বলেন, "প্রকিউরমেন্ট প্ল্যান ঠিকমতো হয় না। এজন্য পুনরায় টেন্ডার করতে হয়। কর্মী কম। এছাড়া দাতারা অর্থ ছাড়ে অনেক বেশি সময় নেয়।" এডিবি ও বিশ্বব্যাংকের বেশি সময় ক্ষেপণের কথা জানিয়ে মন্ত্রী বলেন, "এ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহায়তা অনেক ভালো।" তাদের সময় ক্ষেপণের কারণ সম্পর্কে মুহিত বলেন, "তারা দুর্নীতি খতিয়ে দেখতে অনেক বেশি সময় নেয়। আমাদের একটা বিশেষ চরিত্র আমরা নালিশ ও মামলা করতে ওস্তাদ। "এ ছাড়া আমাদের দুর্নাম থাকায় সেখান থেকে উত্তরণে সময় লাগছে।" নালিশের নেতিবাচক প্রভাব পড়ছে কি না- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "হ্যাঁ, বিদ্যুৎ খাতে পড়ছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ প্রকল্পসহ কয়েকটি প্রকল্প রয়েছে। "এ ছাড়া পদ্মা সেতু নিয়েও অভিযোগ ওঠেছে বলে শুনেছি। তবে এ ব্যাপারে তাদের (দাতা) সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি যে, এখানে কোনো অস্বচ্ছতা নেই।" পদ্মা সেতুর ব্যাপারে একটি কমিটি করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "এটার কাজ খুব দ্রুত শুরু হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমইউএস/পিডি/১৯১৭ ঘ.