২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ আমদানি: ভারতের সঙ্গে চুক্তি এ মাসেই

ভারতের কাছ থেকে আড়াই শ' মেগাওয়াট বিদ্যুৎ কেনার বিষয়ে চলতি মাসেই চুক্তি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 02:36 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের কাছ থেকে আড়াই শ' মেগাওয়াট বিদ্যুৎ কেনার বিষয়ে চলতি মাসেই চুক্তি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ। এছাড়া খুলনায় ১৩২০ মেগাওয়াটের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য অংশীদারিত্বের ভিত্তিতে একটি কোম্পানি গঠনের বিষয়ে চুক্তি হবে জুন মাসে। সোমবার ঢাকায় বিদ্যুৎ বিষয়ক ভারত-বাংলাদেশ স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সচিব সাংবাদিকদের এ কথা জানান। আজাদ বলেন, "বিদ্যুতের দাম নির্ধারণ করবে ভারতের কেন্দ্রীয় জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন। পাইকারি দামে বাংলাদেশ তা কিনবে।" তিনি জানান, ২৫ বছরের এ চুক্তিতে মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। পাশাপাশি থাকবে বিদ্যুতের পরিমাণ বাড়ানোর সুযোগ। তবে সেক্ষেত্রে আগের চেয়ে দাম কিছুটা বেশি পড়বে। সচিব বলেন, "ইতোমধ্যে বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। আশা করা যায় ২০১৩ সালের মার্চ নাগাদ কাজ শেষ হবে।" সরকার এরই মধ্যে সরবরাহ লাইন স্থাপনের জন্য ১২০ কিলোমিটার এলাকায় জরিপ করেছে। এছাড়া ভেড়ামারায় উপকেন্দ্র স্থাপনের জন্য দরপত্র ডাকা হয়েছে বলে বিদ্যুৎসচিব জানান। খুলনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কো-অপারেশনের (এনটিপিসি) সঙ্গে যে চুক্তি হবে তাতে দুই দেশের সমান অংশীদারিত্ব থাকবে বলেও জানান তিনি। আজাদ বলেন, "এছাড়া চট্টগ্রাম ও খুলনায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে এনটিপিসি একটি সমীক্ষা চালাবে। আগামী দুই সপ্তাহের মধ্যে সমীক্ষা প্রতিবেদন পাওয়া যাবে।" ভারতের বিদ্যুৎ সচিব উমা শংকর বলেন, "আমরা ভারত-বাংলাদেশ বিদ্যুৎ সহযোগিতা নিয়ে আলোচনা করছি। এ বিষয়টির সুরাহা হলে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২০২৮ ঘ.