২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ছে আলুর দাম

মার্চ মাসের শুরু থেকে আলুর দাম বাড়তে বাড়তে রোববার দ্বিগুণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্চ মাসের শুরু থেকে আলুর দাম বাড়তে বাড়তে রোববার দ্বিগুণ হয়েছে। ব্যবসায়ীরা বলেছেন, এখন আলু সংরক্ষণের মৌসুম। বাজারে আলুর দাম কমে যাওয়ায় কৃষকরা আলু হিমাগারে সংরক্ষণের দিকে ঝুঁকছে। তাই সরবরাহ কিছুটা কমে যাওয়ায় এর দাম বেড়ে গেছে। এক মার্চ খুচরা বাজারে যে আলু ৫ থেকে ৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছে তা বেড়ে পাঁচ দিন পর ১০ থেকে ১২ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ করে এভাবে দাম বাড়তে থাকায় খুচরা ব্যবসায়ীরা পাইকারী ব্যবসায়ীদের দুষছেন। খুচরা ব্যবসায়ীরা বলেছেন, আলুর পাইকারি দাম বেশি হওয়ায় তাদেরও তা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে আলুর মূল্য এভাবে বেড়ে যাওয়ায় ক্রেতারা খুব একটা অসস্তুষ্ট নন। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট ও কারওয়ান বাজারে বাজার করতে আসা অনেক ক্রেতাই বলেছেন আলুর বর্তমান দাম সহনীয় পর্যায়ে রয়েছে। মোহাম্মদপুর টাউন হল মার্কেটে বাজার করতে আসা গৃহিনী অরিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৫-৬ টাকা কেজি আলু খুব সস্তা হয়ে গিয়েছিল। এতে কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছিল। বর্তমান দাম সবার জন্যই ভালো। কারওয়ান বাজারের খুচরা আলু ব্যবসায়ী আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সপ্তাহখানেক আগে পাইকারদের কাছ থেকে প্রতি কেজি আলু ৪ থেকে ৫ টাকায় কেনা পড়ত। এখন তা ৮ থেকে ১০ টাকায় কেনা পড়ছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটের পাইকারী আলু ব্যবসায়ী রহিম ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যাপকভাবে আলু সংরক্ষণের মৌসুম এখন। কৃষকরা হিমাগারে আলু সংরক্ষণের দিকে ঝুঁকছে। গত দুই সপ্তাহ ধরে আলু একটু বেশি দামেই কিনতে হচ্ছে। তবে আলুর এই দাম বাড়াটা অযৌক্তিক নয় বলে তিনি জানান। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর বাজার পর্যবেক্ষণ তালিকায়ও সপ্তাহ জুড়ে আলুর বাড়তি মূল্য দেখানো হয়েছে। রোববার কারওয়ান বাজার, নিউমার্কেট, হাতিরপুল বাজার, মৌলভী বাজার, ঠাঁটারী বাজার, সুত্রাপুর, ফরিরাপুল, মিরপুর-১ ও ৬, মোহাম্মদপুর টাউল হল ও কৃষি মার্কেট, শাহজাহানপুর, মালিবাগ, যাত্রাবাড়ি, শান্তিনগর, মহাখালী ও কচুক্ষেত বাজার পর্যবেক্ষণে টিসিবি আলুর এই বর্ধিত মূল্য দেখিয়েছে। টিসিবি'র পর্যবেক্ষণে বলা হয়, এক সপ্তাহ আগে কেজি প্রতি আলুর দাম ৬ থেকে ৭ টাকা থাকলেও রোববার তা বেড়ে ৯ থেকে ১২ টাকায় এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/কেএমএস/২১১৯ ঘ.