চাঁদপুর, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মার্চ-এপ্রিল মাসে জাটকা কেনা-বেচা না করার সিদ্ধান্ত নিয়েছে চাঁদপুর জেলা মৎস্য বণিক সমিতি।
এই দুই মাসে কোনো ব্যক্তি যদি মাছ ঘাট এলাকায় জাটকা মাছ বিক্রি করতে আসে তবে সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে প্রশাসনের কাছে সোপর্দ করা হবে।
শনিবার রাতে শহরের বড়স্টেশন এলাকায় মৎস্য সমিতির ওই সভায় ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নেয়।
ইলিশ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় মেঘনা নদীতে ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দু'মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকা এবং ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকা শিকার নিষিদ্ধের আওতাভুক্ত বলে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত জানিয়েছেন। তিনিও ব্যবসায়ীদের ওই সভায় ছিলেন।
রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যদি এই সময়ের মধ্যে কেউ নদীতে মাছ ধরে বা জাল ফেলে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শাস্তি হিসেবে তার জেল, ৫ থেকে ১০ হাজার টাকা জরিমানা এবং জাল পুড়িয়ে দেওয়া হবে।"
এর আগে শনিবার বিকালে জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা মাছঘাটে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময়ে বলেন, জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির সময় মাছঘাট শ্রমিকদের জেলেদের পাশাপাশি পুনর্বাসন করা হবে।
এ দুই মাস মাছঘাটের শ্রমিক এবং জেলেদের বেকার থাকতে হয় বলে সরকার ফেব্র"য়ারি থেকে মার্চ পর্যন্ত জেলেদের জনপ্রতি ২০ কেজি করে চাল দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৪০০ ঘ.
bdnews24