২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বিনিয়োগের আগ্রহ আমিরাতের প্রতিষ্ঠানের

বাংলাদেশে কক্সবাজারে পর্যটন শিল্পসহ বিভিন্ন সেবা খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 03:08 PM

Updated : 25 Apr 2022, 11:01 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে কক্সবাজারে পর্যটন শিল্পসহ বিভিন্ন সেবা খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান। রাস আল খাইমা ইনভেস্টমেন্ট অথরিটি (রাকিয়া) নামের প্রতিষ্ঠানটি শনিবার বিকালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সঙ্গে এক আলোচনায় এ আগ্রহ প্রকাশ করে। ডিসিসিআই মিলনায়তনে ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাকিয়ার জেনারেল ম্যানেজার পিটার সুসটার এবং ব্যবসা উন্নয়ন নির্বাহী আসমা ফয়সাল প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিনিয়োগের কথা জানান। রাকিয়া সংযুক্ত আরব আমিরাত সরকারের একটি স্বাধীন প্রতিষ্ঠান। এটি সারা বিশ্বে বিনিয়োগের জন্য কাজ করে থাকে। বর্তমান সরকার বিনিয়োগকে আকৃষ্ট করতে ট্যাক্স হলিডে, রয়েলটি পেমেন্ট, টেকনিক্যাল ফি এবং অন্যান্য সুবিধাসহ আকর্ষণীয় বিনিয়োগ প্যাকেজ ঘোষণা করেছে বলে সভায় জানান ডিসিসিআই সভাপতি। তিনি বলেন,এ সব সুবিধা গ্রহণ করে উদ্যোক্তারা বাংলাদেশে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারে। তিনি জানান, সরকার বিদেশি বিনিয়োগকারীদের এসএমই খাতে বিনিয়োগের জন্য বিএসসিআইসি শিল্প এলাকা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ প্লট বরাদ্দের ব্যবস্থা করেছে। তিনি প্রতিনিধিদলকে বাংলাদেশের মংলা সমুদ্র বন্দরে বিনিয়োগের আহ্বান জানান। রাকিয়ার জেনারেল ম্যানেজার পিটার সুসটার বাংলাদেশী ব্যবসায়ীদের সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, আমিরাতে বিনিয়োগকারীদের ইনকাম ট্যাক্স এবং ব্যক্তিগত খাত, কর্পোরেট খাতে শূন্য হারে ট্যাক্স প্রদান করা ছাড়াও অন্যান্য সুবিধা দেওয়া হয়। সভায় মুক্ত আলোচনায় ডিসিসিআই'র পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম, খাইরুল মজিদ মাহমুদ, প্রাক্তন সভাপতি আর মাকসুদ খান, প্রাক্তন ঊর্ধ্বতন সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, আশরাফ ইবনে নূর, এম এস সেকিল চৌধুরী, প্রাক্তন পরিচালক সবুর খান, নেসার মাকসুদ খান, সালেম সোলায়মান, ডিসিসিআই আহ্বায়ক শোয়েব চৌধুরী, মুক্তার হোসেন চৌধুরী অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/পিডি/২০৩০ ঘ.