২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওএমএসের চাল কালোবাজারে বিক্রি, কারাদণ্ড

খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল কালোবাজারে বিক্রির অভিযোগে লালমনিরহাটের পাটগ্রামে এক ডিলারের লাইসেন্স বাতিল ও তার কর্মচারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

লালমনিরহাট, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল কালোবাজারে বিক্রির অভিযোগে লালমনিরহাটের পাটগ্রামে এক ডিলারের লাইসেন্স বাতিল ও তার কর্মচারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন-অর-রশিদ এ দণ্ড দেন। প্রত্যক্ষদর্শী হয়রত আলী (৫২), মোসলেম উদ্দিন (৪৭) ও রহিমা বেগম (৫৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওএমএস ডিলার পাটগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম সুমনের কোটতলী বাইপাস মোড়ের একটি বিক্রয় কেন্দ্রে চাল কেনার জন্য দরিদ্র লোকজন লাইন দেয়। এসময় তারা প্রতিদিনের বরাদ্দ এক হাজার কেজির স্থলে আটশ কেজি চাল দেখে এ বিষয়ে ইউএনওর কাছে অভিযোগ করেন। প্রতি বস্তা ১০০ কেজি ওজনের মোট ১০ বস্তা চাল বিক্রির জন্য আনার কথা থাকলেও ৮টি বস্তা আনায় তারা সন্দেহ করেন চাল কালোবাজারে বিক্রি করা হয়েছে। এ বিষয়ে তারা ইউএনও হারুন-অর-রশিদের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে যায়। আদালতের উপস্থিতি টের পেয়ে ডিলার সুমন পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ডিলারের কর্মচারী খোকন আদালতের কাছে স্বীকার করেন, গুদাম থেকে চাল বের করে আনার পথে দুই বস্তা চাল কালোবাজারে বিক্রি করা হয়েছে। এ ঘটনায় আদালত খোকনকে তিন মাসের কারাদণ্ড দেয় এবং সুমনের ওএমএস ডিলার লাইসেন্স বাতিল করে। ইউএনও হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাল বিক্রয়স্থলে ডিলারের কর্মচারীরা বরাদ্দের চেয়ে কম চাল বিক্রির অভিযোগ প্রথমে অস্বীকার করে। পরে গুদামে গিয়ে সরবরাহ তালিকা যাচাইয়ের পর অভিযোগের সত্যতা মেলে। এক পর্যায়ে ডিলারের কর্মচারী কালোবাজারে চাল বিক্রির কথা স্বীকার করে। তিনি জানান, ডিলার সুমন পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৪০ ঘ.