২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ ছাড়া উপায় ছিলো না: মুহিত

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অপসারণ বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারে- এ কথা স্বীকার করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এ ছাড়া সরকারের আর উপায় ছিলো না। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 09:25 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অপসারণ বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারে- এ কথা স্বীকার করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এ ছাড়া সরকারের আর উপায় ছিলো না। ইউনূসকে সরানোর পেছনে সরকারের রাজনৈতিক কেনো অভিসন্ধি নেই বলেও দাবি করেছেন তিনি। নোবেল বিজয়ী ইউনূসকে অপসারণের প্রেক্ষাপটে সরকারি পদক্ষেপের ব্যাখ্যা নিয়ে বৃহস্পতিবার কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। এর আগে বুধবার নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশি ইউনূসকে গ্রামীণ ব্যাংকের নির্বাহী প্রধানের দায়িত্ব থেকে অপসারণের আদেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর কারণ হিসাবে বলা হয়, শেষ মেয়াদে তার দায়িত্ব নেওয়ার বিষয়টিতে নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নেওয়া হয়নি। বৃহস্পতিবার ইউনূসের বিষয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রীকে এক সাংবাদিক প্রশ্ন করেন- এর ফলে বাংলাদেশের ইমেজ বাড়লো কী না? জবাবে অর্থমন্ত্রী বলেন, "মোটেই বাড়েনি। কিন্তু আমাদের কোনো উপায় ছিল না। তবে আমি বারবার ব্যাখ্যা করেছি, ড. ইউনূসের ব্যাপারে আমাদের কোনো আক্রোশ বা রাজনৈতিক উদ্যেশ্য নেই।" ইউনূসের বিষয়ে পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কি না- জানতে চাওয়া হলে মুহিত বলেন, "এটা কেন হবে? এ ঘটনার সঙ্গে পররাষ্ট্রনীতির কোনো সম্পর্ক থাকা ঠিক না।" অর্থমন্ত্রী বলেন, "কূটনীতিকরা আমার কাছে জানতে চেয়েছেন, তদন্ত কমিটি থাকাকালে এ পদক্ষেপ নিলেন কেন? আমি তাদের বলেছি, ১৯৯৯ সাল থেকেই মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নেই। কারণ, তখন তার বয়স ৬০ বছর হয়ে গেছে। "স্বাভাবিক নিয়মানুযায়ী তখনই তার অবসর নেওয়ার কথা। কিন্তু গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ তখন তাকে আবারো নিয়োগ দেয়। বাংলাদেশ ব্যাংক অনেকবার তাদেরকে বলেছে। কিন্তু গ্রামীণ ব্যাংক কোনো জবাব দেয়নি", বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, "আইন অনুযায়ী গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে। এটাও মানা হয়নি।" তাহলে এতোদিন কীভাবে চললো- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "গ্রামীণ ব্যাংক একটি আদরের প্রতিষ্ঠান তাই খুব একটা খতিয়ে দেখা হয়নি।" গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পরিবর্তন সম্মানজনক পদ্ধতিতে করতে চেয়েছিলাম মন্তব্য করে আবুল মাল আবদুল মুহিত বলেন, "তদন্ত যখন শুরু হয়, তখন আমি তাকে (ইউনূস) দায়িত্ব থেকে অব্যাহতি নিতে বলেছিলাম। তিনি বললেন, গ্রামীণ ব্যাংক অসাধারণ ব্যাংক। আমি এখন দায়িত্ব ছেড়ে দিলে কলাপস করবে।" সরকার অতি উৎসাহী হয়ে ইউনূসকে অপসারণ করেছে কি না- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "এটা আমি অ্যাকসেপ্ট করি না। বরং আপনারাই (মিডিয়া) এতো ফেনিয়ে তুললেন যে, বিশ্ব মিডিয়া এটা গ্রহণ করলো। তার সম্মান যাতে বজায় থাকে সেজন্যই তাকে পর্যালোচনার কথা বলেছিলাম। তার ও দেশের ভাবমূর্তি রক্ষা করার যথেষ্ট চেষ্টা করেছি। গ্রামীণ ব্যাংক এখনো আমাদের গর্বের ধন। এটা যথেষ্ট স্বাধীন। আমরা মাইক্রোক্রেডিট নিয়ে গর্ব করি। এটা ধ্বংস করার প্রশ্নই ওঠে না।" বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন ও জার্মান রাষ্ট্রদূত ছাড়াও ডেনমার্ক, ফ্রান্স, আইএমএফ, বিশ্বব্যাংক, ইউএনএফপিএ, মালয়েশিয়া, চিন, সুইডেন, কোরিয়া, নরওয়ে, অষ্ট্রেলিয়াসহ বিভিন্ন মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/এএল/কেএমএস/১৬৩৭ ঘ.