ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনভর ওঠা-নামা চললেও শেষ পর্যন্ত সাধারণ সূচক বৃদ্ধির মধ্য দিয়েই সপ্তাহ শেষ করেছে দেশের দুই পুঁজিবাজার।
কয়েকদিনের দরপতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সূচক বেড়েছে ১৩৬ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ২৪৪ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনের শুরুতেই দরপতন হয়। তবে এরপর সূচকের ওঠা-নামার মধ্য দিয়ে লেনদেন চলতে থাকে। শেষ সময়ে গিয়ে সূচক বাড়ে।
ডিএসইতে দিন শেষে সূচক ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫৪২৮ দশমিক ৪০ এ দাঁড়িয়েছে।
সারা দিনে ৫০৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। লেনদেন হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৬টির। ২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
সিএসইতে সূচক প্রথম ২৫ মিনিটেই ৫৪ পয়েন্ট কমে ৯৬০২ দশমিক ২৬ পয়েন্টে নেমে আসে। পরে তা বাড়তে থাকে।
দিন শেষে সূচক ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯৯০০ দশমিক ৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রামের পুঁজিবাজারে লেনদেন হওয়া ১৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪২টির। ২টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/আরএম/এমআই/১৫৫০ ঘ.
bdnews24