ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম)- বাণিজ্যিক ব্যাংকগুলো খাদ্যশস্য আমদানির জন্য ঋণের বিদ্যমান সুদের হার ১৩-১৪ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করতে রাজি হয়েছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি) এর ব্যানারে বাণিজ্যিক ব্যাংকগুলোর চেয়ারম্যানরা বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতকালে সুদের এই হার পুনঃনির্ধারণ করা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, বৈঠকে শেখ হাসিনা সুদের হার কমানোর পরামর্শ দিলে ব্যাংকের চেয়ারম্যানরা তাৎক্ষিণকভাবে এ পরামর্শ গ্রহণ করে সুদের হার ১২ শতাংশ নির্ধারণে সম্মত হন।
কেউ যেন খাদ্য সংকটে না পড়ে এ জন্য প্রধানমন্ত্রী পর্যাপ্ত খাদ্য মজুদের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ব্যাংক চেয়ারম্যানরা তাদের ব্যাংকগুলোতে বিরাজমান বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল জলিল ও বিএবি'র সভাপতি নজরুল ইসলাম মজুমদার অন্যান্যের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এসইউএম/এইচএ/১৮৩০ ঘ.
bdnews24