২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে উত্থানের পর ব্যাপক দরপতন

উত্থানের এক দিনের মাথায় ব্যাপক দরপতন দেখলো ঢাকার পুঁজিবাজার। আর তাতে কিছু সময় বিক্ষোভও করেছে বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 08:20 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্থানের এক দিনের মাথায় ব্যাপক দরপতন দেখলো ঢাকার পুঁজিবাজার। আর তাতে কিছু সময় বিক্ষোভও করেছে বিনিয়োগকারীরা। মঙ্গলবার সাধারণ সূচক প্রায় ৩০০ পয়েন্ট বাড়ার পাশাপাশি সব শেয়ার দাম বেড়েছিলো। তবে কমে গিয়েছিলো লেনদেন। আর এই প্রবণতাকে অস্বাভাবিক বলে মন্তব্য করেন বাজার বিশ্লেষক ইয়াওয়ার সাঈদ। মঙ্গলবারের বাজার পরিস্থিতি দেখে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশের প্রধান ব্যবস্থাপক সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "দর বৃদ্ধির এই ধারা কতদিন থাকে, সেটাই দেখার বিষয়।" ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সাধারণ সূচক বেড়েছিলো ৩২৮ পয়েন্ট। তবে বুধবার তা ৩০৯ পয়েন্ট কমে ৫২৯২ দশমিক ১৭ এ অবস্থান নিয়েছে। অবশ্য আগের দিনের রেশ ধরে বুধবার শুরুতে চাঙাভাবের মধ্যেই লেনদেন শুরু হয়। ১৫ মিনিটেই সাধারণ সূচক ১০০ পয়েন্ট বেড়ে যায়। মধ্যভাগ থেকে সূচক নামতে থাকে। সূচক পতন হলেও লেনদেন বেড়েছে ডিএসইতে। সারাদিনে মোট ৫৯১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। মঙ্গলবার এর পরিমাণ ছিলো ৪৩১ কোটি টাকা। বুধবার লেনদেন হওয়া ২৪৭টি শেয়ারের দামই কমেছে, বেড়েছে ৮টির। ২টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো। ব্যাপক দরপতনের পর দুপুর ২টার দিকে বিক্ষোভ শুরু করে বিনিয়োগকারীরা। কিছু সময়ের জন্য রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা ডিএসই ভবনের উল্টো দিকে মধুমিতা ভবনে অবস্থান নিয়ে সেখান থেকেই স্লোগান দিতে থাকে। বিনিয়োগকারীদের বিক্ষোভ শুরুর পর মতিঝিলে ডিএসই ভবনের সামনের সড়কে গাড়ি চলাচল কমে যায়। তবে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতির কারণে ঘণ্টাখানেক পর পরিস্থিতি শান্ত হয়ে আসে। রোববার দরপতন দিয়ে সপ্তাহ শুরুর পরদিনও ডিএসইতে সাধারণ সূচক ২৬০ দশমিক ২৬ পয়েন্ট কমে। এতে বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১৫৫২ ঘ.