২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে 'ডাউ জোনস এসএএফই সূচক' আসতে পারে

বাংলাদেশের পুঁজিবাজারে কয়েক মাসের মধ্যে 'ডাউ জোনস এসএএফই বাংলাদেশ' সূচক যুক্ত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের পুঁজিবাজারে কয়েক মাসের মধ্যে 'ডাউ জোনস এসএএফই বাংলাদেশ' সূচক যুক্ত হতে পারে। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে দেশের দুই বাজারে এই সূচক চালু করতে বেশ কয়েকজন বাংলাদেশি তহবিল ব্যবস্থাপক আগ্রহ দেখিয়েছেন। সাউথ এশিয়া ফেডারেশন অব এক্সচেঞ্জের (এসএএফই) মহাসচিব আফতাব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। তিনি বলেন, "ব্যবসা ও বাণিজ্য বিষয়ক সিদ্ধান্ত নিতে ডাউ জোনস একজন তহবিল ব্যবস্থাপক নিয়োগ দেবে এবং এই সূচক ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যুক্ত করা হবে।" ২০০৯ সালে ডাউ জোনসের সঙ্গে যুক্ত হয়ে এসএএফই 'ডাউ জোনস এসএএফই ১০০ সূচক' চালু করে। এতে বাংলাদেশের ১৩টি কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়। আফতাব আহমেদ বলেন, তহবিল ব্যবস্থাপক বাজার থেকে তহবিল সংগ্রহ করবেন এবং ওই ১৩টি প্রতিষ্ঠানের যেকোনো একটি অথবা সবগুলো প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন। ১৩ বাংলাদেশি কোম্পানির মধ্যে রয়েছে- ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো বাংলাদেশ (বিএটিবিসি), ডাচ-বাংলা ব্যাংক, তিতাস গ্যাস, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লি., প্রাইম ব্যাংক, বেক্সিমকো ফার্মা ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। এসএএফএই তহবিল ব্যবস্থাপককে যাবতীয় কারিগরি সহযোগিতা দেবে বলেও জানান সংস্থাটির মহাসচিব আফতাব আহমেদ। তিনি বলেন, আগ্রহীদের সঙ্গে আলোচনা করতে ডাউ জোনস'র একজন কর্মকর্তা চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে এসেছিলেন। এই সূচক চালুর অভিজ্ঞতা সম্পর্কে মহাসচিব বলেন, পাকিস্তানও একই ধরনের সূচক চালু করেছে, যেখানে সেদেশের ১৫টি কোম্পানি তালিকাভুক্ত আছে। ওই ১৫টি কোম্পানি ডাউ জোনস এসএএফই ১০০ সূচকেও অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশের পুঁজিবাজার বাংলাদেশের বাজার সম্পর্কে আফতাব বলেন, বাংলাদেশের বাজারে অস্থিরতা লক্ষ্য করা গেছে এবং বাজার ফুলে-ফেঁপে উঠেছিলো। "গত তিন মাসে বাজার কমপক্ষে ৫০ শতাংশ মূলধন হারিয়েছে এবং এটি ঘটেছে আচমকা," বলেন তিনি। তার মতে, আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোকে অতিমাত্রায় বাজারমুখী হওয়া উচিত নয়। তবে পুঁজিবাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকারের তহবিল গঠনের সিদ্ধান্তকে সমর্থন করেন তিনি। আফতাব বলেন, "আইসিবি ও অন্য রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর উচিত তহবিল গঠন করে ভালো মৌলভিত্তির শেয়ার কেনা।" বাজার সংস্কার এবং বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/২০২৬ ঘ.