ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম)- স্টেট-টু-স্টেট চুক্তির মাধ্যমে এক লাখ মেট্রিক টন চিনি আমদানিতে সহায়তা করে বাংলাদেশের সঙ্গে নতুন কূটনৈতিক সম্পর্কের সূচনা করার কথা জানিয়েছে ব্রাজিল।
মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত রিকার্ডো এল. ভায়ানা ডি কারভালো শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াকে এ কথা জানান।
এ ছাড়া বাংলাদেশের চিনি শিল্পের উন্নয়নে ব্রাজিল প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিততে এ তথ্য জানানো হয়।
বৈঠকে উন্নত জাতের আখ সরবরাহ, চিনি শিল্পের বহুমুখীকরণসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও আলোচনা হয়।
দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কৃষিভিত্তিক একমাত্র ভারী শিল্প হিসেবে সরকার চিনি শিল্পের স্বার্থ রক্ষায় সচেতন বলে জানান শিল্পমন্ত্রী।
বৈঠকে শিল্প সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. রনজিৎ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম/এসআইএম/পিডি/১৯০৯ ঘ.
bdnews24