২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ট্রানজিট দিতে চট্টগ্রাম বন্দর প্রস্তুত'

ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট সুবিধা দেওয়ার জন্য চট্টগ্রাম বন্দর প্রস্তুত বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম আনোয়ারুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 11:52 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

চট্টগ্রাম, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট সুবিধা দেওয়ার জন্য চট্টগ্রাম বন্দর প্রস্তুত বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার দুপুরে বন্দর ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ কথা জানান। গত ১৩ ফেব্র"য়ারি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার প্রথম তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি সমূদ্র বন্দরের অবকাঠামো, আধুনিকায়ন, বন্দরের মহাপরিকল্পনা, দরপত্র প্রক্রিয়ার স্বচ্ছতা, শ্রমিক অসন্তোষ ও বন্দরের নিরাপত্তা বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এখনই প্রতিবেশী তিন দেশ ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট সুবিধা দিতে চট্টগ্রাম বন্দর প্রস্তুত জানিয়ে এম আনোয়ারুল ইসলাম বলেন, "গত বছর চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ১৩ লাখ ১৩ হাজার টিইইউ (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যরে কন্টেইনার এক টিইইউ সমতুল্য) পণ্য আমদানি-রপ্তানি হয়েছে। ট্রানজিট সুবিধা দিলে পণ্য পরিবহণের পরিমাণ গড়ে সাত থেকে সাড়ে সাত শতাংশ বাড়বে। বন্দরের বর্তমান অবকাঠামো ও যন্ত্রপাতি দিয়েই তা সম্ভব বলে জানান বন্দর চেয়ারম্যান। এ বিষয়টি ব্যাখ্যা করেন বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. নজরুল ইসলাম। ট্রানজিট বিষয়ে গঠিত এক নম্বর উপ-কমিটির এই সদস্য বলেন, "এখন ট্রানজিট সুবিধা দেওয়া হলে বছরে মোট এক কোটি ৮০ লাখ টন পণ্য বাংলাদেশের ভেতর দিয়ে তিন দেশে যাবে। এর মধ্যে এক কোটি ৬০ লাখ টনই যাবে রেল, সড়ক ও নৌ পথে। বাকি ২০ লাখ টন পণ্য চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে পরিবহন হবে জানিয়ে নজরুল ইসলাম বলেন, এর মধ্যে নেপাল ও ভুটান মংলা বন্দর ব্যবহার করে এবং ভারতের সাতটি রাজ্য চট্টগ্রাম বন্দর ব্যবহার করে পণ্য পরিবহন করতে পারে। ট্রানজিট সুবিধা প্রদানের প্রয়োজনীয় ক্ষমতা বন্দরের আছে জানিয়ে তিনি বলেন, "কোন ইয়ার্ডে এসব পণ্য আনা হবে, কিভাবে খালাস হবে এবং নিরাপত্তার বিষয়টি ঠিক হলেই কাজ শুরু করা সম্ভব হবে।" মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (হারবার মেরিন) ক্যাপ্টেন এম শাজাহান, সদস্য (অর্থ) মোশাররফ হোসেন এবং পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্ণেল কামরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কেএমএস/১৬৪০ ঘ.