ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা কয়েকদিন দরপতনের পর পুঁজিবাজারে সূচকের উল্লম্ফন ঘটলেও কমেছে লেনদেন, যা অস্বাভাবিক মনে করছেন বাজার বিশ্লেষকরা।
মঙ্গলবার দিনের শুরুতেই কয়েকদিনের বিপরীত চিত্র দেখা যায় দেশের দুই পুঁজিবাজারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিটেই সাধারণ সূচক সাধারণ সূচক ৫৫০২ দশমিক ২৮ এ পৌঁছায়, যা দিনের শুরুর চেয়ে ২৯৯ পয়েন্ট বেশি।
সারাদিনে একবার সামান্য পতনের পর সূচক ঊর্ধ্বমুখীই ছিলো।
দিন শেষে ডিএসইতে সূচক দাঁড়ায় ৫৬০১ দশমিক ৫৯, যা ৩৯৮ পয়েন্ট বা ৭ দশমিক ৬ শতাংশ বেশি।
সারাদিনে মোট ৪৩১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়, আগের দিন এর পরিমাণ ছিলো ৪৮৯ কোটি টাকা।
ডিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ২৪৬টির দামই বেড়েছে, কমেছে ৬টির। একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিলেকটিভ ক্যাটাগরি পদ্ধতিতে সূচক ৬৮০ পয়েন্ট বা ৭ দশমিক ১৮ শতাংশ বেড়ে ১০১৫৮ দশমিক ১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট ১৯১টি শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৭৮টির দামই বেড়েছে, কমেছে ১৩টির।
সূচক বাড়ার সঙ্গে লেনদেন কমে যাওয়ার এ প্রবণতাকে অস্বাভাবিক বলে মনে করছেন সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশের প্রধান ব্যবস্থাপক ইওয়ার সাঈদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা মোটেই স্বাভাবিক বলা যায় না। বাছ-বিচার ছাড়াই সব শেয়ারের দাম বেড়েছে।"
"দর বৃদ্ধির এই ধারা কতদিন থাকে, সেটাই দেখার বিষয়", বলেন সাঈদ।
রোববার দরপতন দিয়ে সপ্তাহ শুরুর পরদিনও ডিএসইতে সাধারণ সূচক ২৬০ দশমিক ২৬ পয়েন্ট কমে। এতে বিক্ষোভ করে বিনিয়োগকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১৫২৫ ঘ.
bdnews24