ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকার আবারো রাষ্ট্রায়ত্ত চারটি বাণিজ্যিক ব্যাংক ও আইসিবিকে শেয়ার কেনার নির্দেশ দিয়েছে।
রোববার ঢাকা স্টক এক্সঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানানো হয়।
ডিএসই ওয়েবসাইটে বলা হয়, পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জানিয়েছে, সরকার রাষ্ট্রায়াত্ত সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-আইসিবিকে স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার কিনতে নির্দেশ দিয়েছে।
এর আগে গত ১৫ ফেব্র"য়ারি পুঁজিবাজার থেকে শেয়ার কেনার জন্য আইসিবিকে ২০০ কোটি টাকা দিয়েছে সরকার। তাদের মতোই শেয়ার কিনতে বলা হয় ওই চারটি রাষ্ট্রায়াত্ত ব্যাংককেও।
তার একদিন আগে পুঁজিবাজার পরিস্থিতির উত্তরণে ৫০০ কোটি টাকার মিউচুয়াল ফান্ড গঠনের অনুমোদন দেয় বাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসি।
গত এক মাসে ঢাকার পুঁজিবাজারে সাধারণ সূচক কমেছে প্রায় ২ হাজার পয়েন্ট। আর এতে প্রায়ই বিক্ষোভ করছেন বিনিয়োগকারীরা।
বাজার পরিস্থিতির উন্নয়নে সরকার ও এসইসি ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। পুঁজিবাজারে ধসের কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এলএন/জেবি/এমআই/১৬১৬ ঘ.
bdnews24