ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের রেশ ধরে দরপতন দিয়েই নতুন সপ্তাহ শুরু করেছে ঢাকার পুঁজিবাজার। কমেছে লেনদেন ও প্রায় সব শেয়ারের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেন শুরুর প্রথম ৬ মিনিটেই সাধারণ সূচক ১৪১ পয়েন্ট বা ২ দশমিক ৪৪ শতাংশ কমে যায়। দুপুর ১টার দিকে কিছুটা চাঙা হয়ে উঠলেও দিনের লেনদেন সূচকের পতন দিয়েই শেষ হয়।
বিকাল ৩ টায় বাজার বন্ধ হওয়ার পর সাধারণ সূচকের অবস্থান দিন শুরুর চেয়ে ৩৩৭ দশমিক ৫৮ পয়েন্ট বা ৫ দশমিক ৮১ শতাংশ কমে দাঁড়ায় ৫৪৬৩ দশমিক ৩৫।
সারাদিনে হাতবদল হয় ৫০১ কোটি টাকার শেয়ার, যা গত দিনের চেয়ে ১০ শতাংশ কম।
লেনদেন হওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমেছে, বেড়েছে ৬টির। কোনো শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো না।
টানা কয়েক দিনের উত্থানের পর গত সপ্তাহের মঙ্গলবার থেকে বাজারে দরপতন শুরু হয়, যা সপ্তাহের শেষ দিন পর্যন্ত অব্যাহত ছিলো।
বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থার অভাবেই এমনটা ঘটছে। যদিও ডিএসই সভাপতি শাকিল রিজভী গত সপ্তাহের শুরুতে দর উত্থানের পর বলেছিলেন, বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসছে।
অনৈতিক বিষয় দেখবে তদন্ত কমিটি
শেয়ার লেনদেনের অনৈতিক বিষয়গুলো খতিয়ে দেখে সে বিষয়ে সুপারিশ করা হবে বলে জানিয়েছে পুঁজিবাজারে ধসের কারণ খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটি।
রোববার তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, "আমরা পুঁজিবাজারের সেই বিষয়গুলো দেখবো, যা বেআইনি নয়; কিন্তু বাজারের বাস্তবতায় যা অনৈতিক বলে বিবেচনা করা যেতে পারে।"
এসইসি কার্যালয়ে সংস্থার নির্বাহী প্রধানদের সঙ্গে বৈঠক শেষে ইব্রাহিম খালেদ বলেন, "পুঁজিবাজারের ধারাবাহিকতা ও ২০০৯ সাল থেকে কমিটি গঠন হওয়া পর্যন্ত বাজার পরিস্থিতি খতিয়ে দেখবে তদন্ত কমিটি।"
তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করবে কমিটি । তবে দুই মাসের মধ্যে এ বিষয়ে তদন্ত কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হবে না।
গত দুই মাসে ঢাকার পুঁজিবাজার ৩ হাজার পয়েন্ট হারিয়েছে। আর এতে বিক্ষোভ করছেন বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে ধসের কারণ খতিয়ে দেখতে দুই মাসের সময় দিয়ে গত ২৫ জানুয়ারি তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। পরে গত ২২ ফেব্র"য়ারি কমিটিতে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এমআই/১৬৩০ ঘ.
bdnews24