ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশীয় লবণ চাষীদের স্বার্থরক্ষায় লবণ আমদানির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করার আশ্বাস দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
লবন চাষীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বৃহস্পতিবার এ আশ্বাস দেওয়া হয় বলে জানিয়েছেন চকরিয়া (কক্সবাজার) লবন চাষী সমিতির সভাপতি হারুনুর রশিদ।
বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শওকত আলী ওয়ারেসি'র সঙ্গে তার কার্যালয়ে বৃহস্পতিবার বৈঠকে বাংলাদেশ লবণ চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, চকরিয়া লবণ চাষী সমিতির সভাপতি হারুনুর রশিদ, লবণ চাষী ঐক্য পরিষদ সভাপতি শরীফ বাদশাহ, লবণ চাষী কল্যাণ পরিষদের প্রতিনিধি আতাউর রহমান, কোস্ট ট্রাস্ট'র মোস্তফা কামাল আকন্দ ও আতিকুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
এ ছাড়া এফবিসিআই, শিল্প মন্ত্রণালয়, লবণ কল মালিক সমিতি ও বিসিকের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
কোস্ট ট্রাস্ট'র মোস্তফা কামাল আকন্দ জানান, দেশের দক্ষিণাঞ্চলে বর্তমানে প্রতি বছর প্রায় ১৭ লাখ মেট্রিক টন লবণ উৎপাদন হচ্ছে। অথচ গত বছর দেশে লবণের চাহিদা ছিল মাত্র সাড়ে ১৩ লাখ মেট্রিক টন। এতে দেশে উৎপাদিত লবণের প্রায় সাড়ে তিন লাখ টন অতিরিক্ত থাকে।
অথচ দেশের ১২টি বড় লবণ পরিশোধন ও বিক্রেতা প্রতিষ্ঠান প্রতি বছর ভারত ও মিয়ানমার থেকে লবন আমদানি করছে। এতে লবণ চাষ ও এর সাথে সংশ্লিষ্ট প্রায় ৪৫ হাজার চাষী পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।
দেশে উৎপাদিত লবণ ভোক্তা পর্যায়ে মাত্র ১২ টাকায় বিক্রি হলেও আমদানি করা লবণ বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকা পর্যন্ত। এতে দেশের ছোট ছোট প্রায় ৪০০ লবণ কল মালিক চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ অবস্থা থেকে উত্তরণে সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে লবন আমদানি বন্ধ অথবা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যুগ্ম-সচিব এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০৩৮ ঘ.
bdnews24