ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দিন পর লেনদেনে পুঁজিবাজারের চাঙাভাব দেখা গেছে। বেড়েছে প্রায় সব শেয়ারের দাম।
রোববার সপ্তাহ শুরুর দিনে প্রথম ১৫ মিনিটেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ৪১০ পয়েন্ট বেড়ে যায়। বিকাল ৩টায় বাজার বন্ধ হওয়ার আগ পর্যন্ত সূচকের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকে।
দিনের লেনদেন শেষে সাধারণ সূচক ৪৬৩ দশমিক ২৭ পয়েন্ট বা ৭ দশমিক ৮১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৩৮৯ দশমিক ৬২।
সারাদিনে ডিএসইতে মোট ৫৭৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। যা গত কার্যদিবসের (মঙ্গলবার) লেনদেনের চেয়ে ১৬ শতাংশ কম।
লেনদেন হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮টির এবং কোনো শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো না।
প্রায় সব খাতের শেয়ারের দামই বেড়েছে। কমেছে কেবল অল্প কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিলেক্টিভ ক্যাটাগরিতে সূচক ৭২১ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১১৫৭৪ দশমিক ৮৫ এ পৌঁছেছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি শেয়ারের মধ্যে ১৮৪টির দামই বেড়েছে। কমেছে ৬টির দাম।
ঈদ-ই মিলাদুন্নবী, বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চার দিন বন্ধ থাকার পর রোববার সকাল ১১টায় পুঁজিবাজারে লেনদেন পুনরায় শুরু হয়।
তবে ২১ ফেব্র"য়ারিতে সাধারণ ছুটি থাকায় সোমবার লেনদেন বন্ধ থাকবে।
টানা কয়েকদিনের দরপতনের পর গত মঙ্গলবারও চাঙাভাব ছিলো পুঁজিবাজারে। সেদিন ডিএসইতে সাধারণ সূচক ৩০০ পয়েন্টের বেশি বাড়ে।
তার একদিন আগে সোমবার দরপতনের পর ব্যাপক বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। মতিঝিলে সংঘর্ষ-ভাংচুরের পর আটক করা হয় অন্তত ৫০ জনকে।
গত বছর ডিসেম্বর থেকে অস্থিতিশীল হয়ে উঠে পুঁজিবাজার। বাজার স্বাভাবিক করতে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা (এসইসি) ও সরকার বেশ কিছু পদক্ষেপও নিয়েছে। পুঁজিবাজার নিয়ে সরকার তদন্ত কমিটিও করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এমআই/১৬২০ ঘ.
bdnews24