নয়া দিল্লি, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদীয়মান অর্থনীতির বাজারগুলোতে স্বল্পোন্নত দেশের (এলডিসি) পণ্যের 'অর্থপূর্ণ' প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ।
পাশাপাশি ধনী রাষ্ট্রগুলোতে এলডিসির পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকারের দাবি জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।
শুক্রবার ভারতের নয়া দিল্লিতে এলডিসির 'মিনিস্টেরিয়াল কনফারেন্সে' বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ এইচ মাহমুদ আলী এ আহ্বান জানান।
এলডিসির উন্নয়ন সহযোগী, বিশেষ করে অর্থনৈতিকভাবে শক্তিধর হয়ে ওঠা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর নেতাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, "এসব বাজারে স্বল্পোন্নত রাষ্ট্রের সব পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার অর্থপূর্ণভাবে বাড়াতে হবে। আমরা চাই 'দোহা সমঝোতা' অনুযায়ী আমাদের প্রধান রপ্তানিপণ্যগুলোকে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের আওতায় আনা হোক।"
২০০১ সালের নভেম্বর মাসে কাতারের রাজধানী দোহায় ডব্লিউটিওর পঞ্চম সম্মেলনে যে বহুপক্ষীয় বাণিজ্য সমঝোতার সিদ্ধান্তহয়, তা-ই 'দোহা সমঝোতা' নামে পরিচিত। মূলত দুটি বিষয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মতবিরোধ এই সমঝোতাকে বিলম্বিত করছে। এর একটি হলো কৃষি খাতে উন্নত দেশগুলোর ভর্তুকি হ্রাস এবং অন্যটি শিল্প পণ্যের ওপর থেকে শুল্কহার কমিয়ে আনা।
২০০৫ সালে ডব্লিউটিওর হংকং সম্মেলনে যে ৯৭ শতাংশ পণ্যকে মুক্তবাজার সুবিধা দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছিল- এলডিসির মূল রপ্তানি পণ্যগুলোকেও তার আওতায় আনার দাবি জানান মাহমুদ আলী।
ওই ৯৭ শতাংশ পণ্যের তালিকায় বাংলাদেশের উল্লেখ করার মতো কোনো রপ্তানি পণ্য নেই।
মাহমুদ আলী বলেন, বাংলাদেশ এই সুবিধাকে শতভাগে নিয়ে যাওয়ার পক্ষে।
আগামী ৯ মে থেকে অনুষ্ঠেয় এলডিসির চতুর্থ জাতিসংঘ সম্মেলনের প্রস্তুতি হিসাবে দিল্লিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের প্রতিনিধিদের দপ্তরের সহযোগিতায় ভারত এই সম্মেলনের আয়োজন করেছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা সম্মেলনের উদ্বোধন করে প্রতিটি স্বল্পোন্নত দেশের শিক্ষার্থীদের জন্য ভারত সরকারের পক্ষ থেকে অতিরিক্ত পাঁচটি বৃত্তি দেওয়া ঘোষণা করেন।
এছাড়া ইস্তাম্বুলে অনুষ্ঠেয় জাতিসংঘ এলডিসি সম্মেলনের অগ্রগতি পর্যবেক্ষণে আগামী পাঁচ বছরের জন্য ৫০ লাখ ডলারের বিশেষ তহবিল এবং একই মেয়াদি উন্নয়ন কর্মসূচির জন্য স্বল্পোন্নত দেশগুলোকে ৫০ কোটি ডলার ঋণ সুবিধা দেওয়ারও ঘোষণা দেন তিনি।
দরিদ্র দেশগুলোর দারিদ্র্য দূর করার লক্ষ্যে এলডিসির তৃতীয় অর্থ্যাৎ সর্বশেষ সম্মেলনটি অনুষ্ঠিত হয় ২০০১ সালের মে মাসে ব্রাসেলসে।
এ এইচ মাহমুদ আলী বলেন, ব্রাসেলসে যেসব প্রতিশ্র"তি পাওয়া গিয়েছিলো, তার অনেকগুলোই এখনো বাস্তবায়ন হয়নি। বিশেষ করে দারিদ্র্য হ্রাসের বিষয়ে আশানুরূপ ফল পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/২০০৫ ঘ.
bdnews24