চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হচ্ছে রোববার।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ১৯তম এ মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
মেলার এবারের আসরে ৩৬টি প্যাভিলিয়ানসহ মোট ৩০০টি স্টলে দেশি-বিদেশি পণ্য প্রদর্শিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত তাসানওয়াডে মিয়াচেরোয়েন ও এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এসব তথ্য জানান।
মেলা কমিটির কো-চেয়ারম্যান ও চেম্বার পরিচালক আশিক ভূঁইয়া লিখিত বক্তব্যে বলেন, এবারের মেলার পার্টনার কান্ট্রি থাইল্যান্ড। এছাড়া ভারত, পাকিস্তান, ইরান, আরব আমিরাত ও দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীরা এতে অংশ নেবেন।
প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দর্শকদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। প্রশেমূল্য ধরা হয়েছে দশ টাকা।
মেলা প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিতে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হবে।
এছাড়া বন ও পরিবেশ অধিদপ্তর এবং চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে প্রাকৃত্রিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দেওয়ার জন্য একটি স্টল থাকবে। থাকছে এনসিসি ব্যাংকের একটি অস্থায়ী শাখা।
১১ ও ১৪ মার্চ চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেটের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তাই মেলায় বিদেশী দর্শনার্থীদের জন্য বিশেষ আয়োজন থাকছে বলে জানালেন আশিক ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম, সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুল আলম, পরিচালক সৈয়দ ছগীর আহমেদ, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মাহফুজুল হক শাহ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৭৫২ ঘ.
bdnews24