ঢাকা, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা ৭৫ পয়সা থেকে ৫০ শতাংশ বাড়িয়ে ২৪ টাকা ৯০ পয়সা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।
বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। কমিশন প্রস্তাবটি বিবেচনায় নিয়েছে।
এর আগে ২০০৮ সালের এপ্রিলে সিএনজি গ্যাসের দাম বাড়িয়ে ১৬ টাকা ৭৫ পয়সা করা হয়, যা আগে ছিলো ৮ টাকা ৫০ পয়সা।
রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি ভবনে ওই প্রস্তাব নিয়ে অনুষ্ঠিত বৈঠকে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, "এই খাতে ভর্তুকি কমানোর জন্য সরকার সিএনজি গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।"
বিইআরসি'র সদস্য এমদাদুল হক বলেন, "এ বিষয়ে কমিশন আগামী ৮ মার্চ গণশুনানি অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। স্টেকহোল্ডাররা আগামী ৬ মার্চের মধ্যে বিইআরসি'র কাছে তাদের মত জানাতে পারবে।"
পেট্রোবাংলার চেয়ারম্যান সিএনজি গ্যাসের দাম বাড়ানোর পক্ষে বলেন, সাধারণ মানুষ সিএনজি গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং শহরের ব্যবহারকারীদের মধ্যেও বিশাল বৈষম্য রয়েছে।
"নগরীতে ৪ হাজার গিজার ব্যবহার করা হয় এবং প্রতিটি ডিভাইসের জন্য মাশুল রাখা হয় মাত্র ৫৩৫ টাকা", বলেন তিনি।
পরিবহন খাত প্রসঙ্গে হোসেন মনসুর বলেন, যদি সিএনজি গ্যাসের দাম ১০ শতাংশ বাড়ানো হয় তবে পরিবহন মালিকরা অযৌক্তিকভাবেই ৫০ শতাংশ ভাড়া বাড়ায়।
সিএনজি গ্যাসের দাম কম হওয়ায় চলাচলের অনুপযোগী যানবাহনের সংখ্যা বেড়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, এর ফলে নগরীতে যানজট বাড়ছে।
তিনি বলেন, "ভারত ও পাকিস্তানের তুলনায় আমাদের দেশে সিএনজি গ্যাসের দাম গড়ে প্রায় ৩৫ শতাংশ কম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেবি/এমআই/১৫৫০ ঘ.
bdnews24