২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কল-কারখানা ঢাকার বাইরে চান মুর্শেদী

রাজধানীর ওপর চাপ কমাতে কল-কারখানা ঢাকার বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তবে এক্ষেত্রে গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করার শর্ত রয়েছে তার। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 09:55 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ওপর চাপ কমাতে কল-কারখানা ঢাকার বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তবে এক্ষেত্রে গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করার শর্ত রয়েছে তার। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি বুধবার তার বিদায়ী সংবাদ সম্মেলনে শিল্প-কারখানা ঢাকার বাইরে নেওয়ার প্রস্তাব তুলে ধরেন। বিজিএমইএর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "শিল্প কারখানার কারণে ঢাকায় সমস্যা বেড়েই চলছে। শিল্পপল্লী বা ইকোনোমিক জোন গঠন করে ঢাকা থেকে সব কারখানা স্থানান্তর সম্ভব।" গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামো নিশ্চিত করে শিল্প কারখানার স্থানান্তরের ক্ষেত্রে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সম্ভাব্য স্থান হতে পারে বলে মনে করছেন মুর্শেদী। তিনি বলেন, "পদ্মা সেতু হলে ঢাকার সঙ্গে এ অঞ্চলের সংযোগ সৃষ্টি হয়ে যাবে। মংলা বন্দরের যথাযথ ব্যবহারও এ ক্ষেত্রে নিশ্চিত করা সম্ভব হবে।" "ঢাকায় কেউ কারখানা চালাতে চায় না। এখানে উৎপাদন ব্যয় এমনিতেই বেশি। তার ওপর যানজটসহ এখানে বিভিন্ন সমস্যা রয়েছে। তাই ঢাকা থেকে কারখানা সরিয়ে নেওয়ার বিষয়টি এখনই ভাবতে হবে," বলেন মুর্শেদী। তার মতে, ফরিদপুর, খুলনাসহ এ অঞ্চলে শিল্প কারখানা স্থাপন করা সম্ভব হলে একদিকে ঢাকার ওপর চাপ কমবে; অন্যদিকে এসব এলাকায়ও ব্যাপক কর্মসংস্থান হবে। দক্ষ মানব সম্পদ তৈরি বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বলেন, পোশাকখাতে বর্তমান চাহিদা মেটাতে হলে বছরে নতুন ২ লাখ দক্ষ শ্রমিক প্রয়োজন। "দক্ষ মানব সম্পদ না এলে হঠাৎ এ খাতের প্রবৃদ্ধি থেমে যাবে। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হবে না," বলেন তিনি। দক্ষ শ্রমিকের যোগান দেওয়া, বিদ্যুৎ সমস্যার সমাধান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সামর্থ্য বাড়ানো, মংলা বন্দরকে ব্যবহারের কার্যকরী উদ্যোগের মতো পোশাক খাতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব হলে আগামী তিন বছরের মাথায় এ খাতের রপ্তানি আয় তিন হাজার পাঁচশ কোটি ডলারে নেওয়া সম্ভব বলে মনে করেন সালাম মুর্শেদী। বিদ্যুৎ সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, "প্রয়োজনে আমাদের কারখানা চালানোর সময় নির্ধারণ করে দিন। তবে ওই নির্দিষ্ট সময়ে যেন আমরা নিরবচ্ছিন্ন সরবরাহ পাই সে নিশ্চয়তা দিতে হবে।" অনুষ্ঠানে বিজিএমইএর আগামী নির্বাচনে সভাপতি প্রার্থী ও বর্তমান সহ-সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিনকে পরিচয় করিয়ে দেন সালাম মুর্শেদী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/পিডি/২২৪০ ঘ.