ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে সাম্প্রতিক ধসের পেছনে কোনো চক্রের হাত থাকতে পারে বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সভাপতি শাকিল রিজভী।
ডিএসই সভাপতি মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেন, "বাজারে এ দরপতনের পেছনে কোনো চক্র কাজ করতে পারে, তা নাহলে অনেক ভালো কোম্পানির শেয়ারের দাম মৌল ভিত্তির নিচে নেমে আসতো না।"
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও পুঁজিবাজারকে অস্থিতিশীল করতে একটি চক্র কাজ করছে বলে মন্তব্য করেছিলেন।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের- বিশেষ করে ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ নিয়ন্ত্রণে নীতিমালা বা আইন প্রণয়নের ওপরও গুরুত্ব দেন ডিএসই সভাপতি।
রিজভী বলেন, "বাজরের এ সংকটময় মুহূর্তে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এগিয়ে আসা উচিত।"
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা উচিত বলেও অভিমত দেন তিনি।
এরই মধ্যে বাজার পরিস্থিতির উন্নতির জন্য মঙ্গলবার ইনভেস্টমেন্ট কর্পোরেশনকে শেয়ার কেনার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
গত চার সপ্তাহে ডিএসইতে সাধারণ সূচক এক হাজার ৯৩৩ পয়েন্ট পড়ে যায়। অব্যাহত এ পতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা প্রতিবারই রাস্তায় নেমে আসে।
বাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংককেও আইসিবির মতো শেয়ার কেনার নির্দেশনা দেওয়া হয়েছে।
"বাজার তার নিজের শক্তিতেই খুব কম সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবে। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করা উচিত," বলেন রিজভী।
তিনি পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে সরকারি সহযোগিতার ওপরও গুরুত্ব দেন।
ডিএসই সভাপতি বলেন, "এ বাজারের স্থিতিশীলতার জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। বিশেষকরে এই সংকটময় মুহূর্তে এটি অত্যাবশ্যক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এএল/পিডি/২২৪৬ ঘ.
bdnews24