ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বেসামাল পরিস্থিতি সামাল দিতে আইসিবিকে ২০০ কোটি টাকা দিয়েছে সরকার। তাদের মতোই শেয়ার কিনতে বলা হয়েছে সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংককে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়।
ডিএসই'র সংবাদে বলা হয়ে হয়েছে, পুঁজিবাজারে শেয়ার কিনতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-আইসিবিকে সরকার ২০০ কোটি টাকা দিয়েছে বলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) জানানো হয়েছে।
এছাড়া রাষ্ট্রায়াত্ত সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংককে পুঁজিবাজারে শেয়ার কিনতে সরকার নির্দেশ দিয়েছে বলে ওই সংবাদে বলা হয়।
একদিন আগেই পুঁজিবাজার পরিস্থিতি উত্তরণে ৫০০ কোটি টাকার মিউচুয়াল ফান্ড গঠনের অনুমোদন দেয় বাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসি।
ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড নামের এ ফান্ডের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো হলো- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, আইসিবি ও ইস্টার্ন ব্যাংক।
এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার বলেন, "এ ফান্ডের দুশ' কোটি টাকা হচ্ছে স্পন্সর। এসইসি আশা করছে আগামীকাল (মঙ্গলবার) এই টাকা শেয়ার কেনায় বিনিয়োগ করা হবে।"
বাকি তিনশ কোটি টাকা পরবর্তী সময়ে প্রাইভেট প্লেসমেন্ট ও (ইনিশিয়াল পাবলিক অফারিং) আইপিও'র মাধ্যমে তুলে নেওয়া হবে।
গত এক মাসে ঢাকার পুঁজিবাজারে সাধারণ সূচক কমেছে প্রায় ২ হাজার পয়েন্ট। আর এতে প্রতিদিনই বিক্ষোভ করছে বিনিয়োগকারীরা।
এদিকে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের দিন লেনদেন বন্ধের ঘোষণা দেওয়ায় সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের জন্য বন্ধ হচ্ছে পুঁজিবাজার।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।
বিশ্বকাপ উদ্বোধনের ওই দিনে ঢাকায় ইতোমধ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় ১৬ ফেব্রুয়ারি (বুধবার) এমনিতেই লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে। এরপর ১৮ ও ১৯ তারিখ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
রোববার খোলার দিন থাকলেও সোমবার ২১ ফেব্রুয়ারি সাধারণ ছুটির দিনে আবার বন্ধ থাকবে পুঁজিবাজারে লেনদেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১৩২০ ঘ.
bdnews24