২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিদ্র করে টাকার তোড়া বাঁধা বন্ধ হচ্ছে

ছিদ্র করে সুতা দিয়ে টাকার তোড়া বাঁধার পদ্ধতি আগামী এক বছরের মধ্যে আর থাকবে না। এক্ষেত্রে ব্যান্ডিং পদ্ধতিই চালু থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 05:21 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছিদ্র করে সুতা দিয়ে টাকার তোড়া বাঁধার পদ্ধতি আগামী এক বছরের মধ্যে আর থাকবে না। এক্ষেত্রে ব্যান্ডিং পদ্ধতিই চালু থাকবে। সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে আসমা জেরীন ঝুমু'র জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণী নোটিশের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকে আধুনিক পদ্ধতির স্ট্যাপলিং ও কাউন্টিং মেশিন স্থাপন করা হয়েছে। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে তা সরবরাহ করা হবে এবং টাকা বাধাঁইয়ে ব্যান্ড ব্যবহার করা হবে। অর্থমন্ত্রী জানান, ছিদ্র না করে এক টাকা থেকে ৫০ টাকার নোটের তোড়া করতে পরিপত্র জারি করা হয় ১৯৮৯ সালের ডিসেম্বরে। ২০০৬ সালের ১৪ ডিসেম্বর ১০০ টাকার নোট স্ট্যাপলিংয়ের পরিবর্তে ব্যান্ডিং করার পরিপত্র জারি হয়। যা কার্যকর হয় ২০০৭ সালের ৩ জানুয়ারি থেকে। ৫০০ টাকাও তোড়া করতে ব্যান্ডিং পদ্ধতি কার্যকর হয় ওই বছরের জুলাই থেকে। কিন্তু গণনা ও নিরাপত্তার স্বার্থে ব্যাংকগুলো সুতা দিয়ে বাঁধাই পদ্ধতি এখনো অব্যাহত রেখেছে বলে অর্থমন্ত্রী জানান। আসমা জেরীন ঝুমু নোটিশে জানান, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো টাকার নোট গোণা ও বাছার সুবিধার্থে তোড়া বানাতে গিয়ে গজালের সাহায্যে ফুটো করে এবং তা সুতা ঢুকিয়ে দুই তিন দিক থেকে বেঁধে আঠা দিয়ে নোটের ওপর কাগজ লাগায়। এরপর সিল স্বাক্ষর দিয়ে নোটের সংখ্যা লিখে তা গ্রাহকের কাছে বিতরণ করে। তিনি জানান, পথিবীর কোনো দেশে কাগজের নোটে এভাবে ছিদ্র করে সুতা বেঁধে তোড়া বানানো হয় না। এমনকি পাশের দেশ ভারত, নেপাল ও ভুটানেও এটা করা হয় না। বাংলাদেশে রাষ্ট্রীয় অর্থের অনেক অপচয় হয় জানিয়ে আসমা জেরীন বলেন, বহির্বিশ্বে যেভাবে কাগজের মুদ্রার তোড়া বানানো হয় বাংলাদেশেও সেটা করা উচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএসবি/২৩১২ ঘ.